আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশেষ এ দিনকে ঘিরে টেলিভিশনের পর্দায় থাকছে নানা আয়োজন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’। সংগীত, আবৃত্তি ও আলোচনার সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। শাহজামান মিয়ার প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন হাসান মাহমুদ। আলোচনায় অংশ নিয়েছেন সৌমিত্র শেখর, ঝর্ণা রহমান ও খায়রুল আলম সবুজ। সংগীত পরিবেশন করেছেন অনিমা রায় ও ছায়া কর্মকার। আবৃত্তি করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও লীলা হাসান। অনুষ্ঠানটি প্রচার হবে আজ বেলা ১টা ৫ মিনিটে।
এছাড়া রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস স্মরণে সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’, ১০টা ৩৫ মিনিট ও বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ‘অপরিচিতা’ প্রচার হবে রাত ৯টায়। রাত ১০টা ২০ মিনিটে থাকছে ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’।
চ্যানেল আইতেও থাকছে বিশেষ আয়োজন। সকাল ৯টা ৪৫ মিনিটে থাকবে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় এতে অংশগ্রহণ করবেন আফজাল হোসেন, আনিসুল হক ও আফসানা মিমি। বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে মাহবুবা ইসলাম সুমী পরিচালিত জাতীয় চলচ্চিত্রের দুটি শাখায় পুরস্কারপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘তুমি রবে নীরবে’। সন্ধ্যা ৬টায় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবার নিয়ে কেকা ফেরদৌসীর ‘বিশেষ পরিবেশনা’। রাত সাড়ে ৮টায় ৩২ নম্বর ধানমন্ডি থেকে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রিয় রবীন্দ্রনাথের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহিদুল আলম সাচ্চু।
রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নাটক প্রণয়িনী। এর নাট্যরূপ ও পরিচালনায় রয়েছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটিতে অভিনয় করেছেন রওনক হাসান, তারিন, মনোজ কুমার, খলিলুর রহমান, বাকার বকুল, বাপ্পি সাইফ প্রমুখ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। ‘তোমার অসীমে’ শিরোনামের কবিতা, গান ও আলোচনাভিত্তিক এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান। এতে কবিতা আবৃত্তি করবেন সামিউল পোলাক। সাইফুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত সাড়ে ১০টায়।










