প্রিয়াংকা চোপড়া। হলিউড কিংবা বলিউডে তার উজ্জ্বল উপস্থিতি। বলিউডের করা তার অনন্য কয়েকটি চরিত্রের একটি কৃশ সিনেমার ‘প্রিয়া’। যদিও ২০১৩ সালে ‘কৃশ থ্রি’ মুক্তি পাওয়ার পর দীর্ঘদিন সামনে এগোয়নি পরবর্তী কোনো পরিকল্পনা। অবশেষে এল প্রত্যাশিত সংবাদ। সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে হৃতিক রোশনের বিপরীতে প্রধান নারী চরিত্রে যুক্ত হচ্ছেন প্রিয়াংকা।

বিনোদন গণমাধ্যম পিংকভিলায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হৃতিক ও প্রিয়াংকা সফল জুটি। তাদের কাজের সম্পর্কও দারুণ। ‘কোই মিল গেয়া’ থেকে শুরু করে কৃশ থ্রি পর্যন্ত সিনেমাগুলোর সব চরিত্র যেভাবে এগিয়েছে, তাতে নতুন কিস্তিতে প্রিয়াংকার যুক্ত হওয়া স্বাভাবিক ও অনিবার্য সিদ্ধান্ত ছিল।’

মূলত হৃতিক রোশনই ফ্র্যাঞ্চাইজিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। নিজের কাঁধে নিয়েছেন চলচ্চিত্রটি পরিচালনার দায়িত্ব। বিষয়টি দেখে প্রিয়াংকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বর্তমানে এসএস রাজামৌলির পরিচালনায় মহেশ বাবুর বিপরীতে একটি সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। তকে কেবল প্রিয়াংকা নন, কৃশের চতুর্থ কিস্তিতে ২৩ বছর পর ফিরে আসছে প্রথম পর্ব কোই মিল গেয়ার আইকনিক চরিত্র জাদু।

কৃশ ফোর বর্তমানে যশরাজ ফিল্মসের অধীনে প্রি-প্রডাকশন পর্যায়ে রয়েছে। চলছে কাস্টিং প্রক্রিয়া। এ পর্বে হৃতিক রোশন নিজেই রাকেশ রোশনের দায়িত্ব নিজের হাতে নিতে যাচ্ছেন। তার লেখক দল ও আদিত্য চোপড়ার সঙ্গে মিলে ‘কৃশ ফোর’-এর চিত্রনাট্য নিখুঁত করার কাজে যুক্ত। কৃষ ৪-এর শুটিং শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের শুরুর দিকেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস