গল গাদতের সাম্প্রতিক এক সাক্ষাৎকার সূত্রে খুশি হয়েছিলেন ‘ওয়ান্ডার ওম্যান’ ভক্তরা। কিন্তু এখন দুঃসংবাদ এসেছে সামনে। সুপারহিরোইন ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি নাকি আলোর মুখ দেখবে না। খবর ভ্যারাইটি।

ইসরায়েলি বংশোদ্ভূত অভিনেত্রী বলেছিলেন, ডিসি স্টুডিওজের জেমস গান ও পিটার সাফরানের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’র পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। ছবিটি হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসির অধীনে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’ হচ্ছে না। তবে সাফরান ঘোষিত ‘প্যারাডাইস লস্ট’ হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্তারা নাকি গাদতকে কোনো প্রতিশ্রুতি দেননি।

২০১৭ সালে মুক্তি পায় প্যাটি জেনকিনস পরিচালিত ‘ওয়ান্ডার ওম্যান’। প্রথম ছবির সাফল্যের পর ২০২০ সালে মুক্তি পায় একই নির্মাতার ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। মোটামুটি সাড়া পেলেও পরের কিস্তি প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি।

তারপরই গুঞ্জন শোনা যায়, দ্বিতীয় ছবির ব্যর্থতার পরে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে ডিসি। সম্প্রতি গল গাদত জানান, তৃতীয় ছবির প্রস্তুতি চলছে। কিন্তু সেই খবরও অস্বীকার করছে সূত্রগুলো।

লেখক, চিত্রনাট্যকার ও অভিনেতাদের ধর্মঘটে আপাতত প্রায় অচল হলিউড। প্রায় ছয় দশক পরে এত বড় আন্দোলনের মুখোমুখি হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি। সে কারণে স্টুডিওগুলো নতুন সিদ্ধান্ত নিতে বেশ দ্বিধায় রয়েছে।