সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা শান।  ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিন থেকেই সাদরে গ্রহণ করেছে দর্শক। দেশের বেশির ভাগ হলেই সিনেমাটি মুক্তি পায়। প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এবার শান পৌঁছে দিচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে। যারা হলে গিয়ে শান উপভোগ করতে পারেনি, তারা এবার বড় পর্দায় উপভোগ করতে পারবেন।

বৃহস্পতিবার থেকে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিকল্প ব্যবস্থায় শুরু হয়েছে শানের প্রদর্শনী। সেখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখানো হয় ছবিটির প্রথম ও দ্বিতীয় শো।

আজ ও আগামীকাল খাগড়াছড়ির নারানখাইয়া উপজেলা পরিষদ এলাকার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি করে শো প্রদর্শন হবে সিনেমাটির। 

শানের পরিচালক এম রাহিম বলেন, ‘আমরা শানকে পৌঁছে দিতে চাই দেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি মানুষের কাছে। যেন বড় পর্দায় উপভোগ সুযোগ পান তারা। এ লক্ষ্যেই পার্বত্য অঞ্চল থেকে শানের প্রদর্শনী শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশেই দেখানো হবে।’

শানের কাহিনী লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।

আজাদ খান বলেন, ‘শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম, সেই ভাবনাকেও হার মানিয়েছে। ছবিটি মুক্তির পর দর্শকের সাড়া পেয়েছি। এটা আমাদের পরবর্তী সিনেমা নির্মাণে আগ্রহী করেছে। এবার ছবিটি আমরা পার্বত্য অঞ্চলের দর্শকদের জন্য দেখার ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে সারা দেশেই প্রদর্শনের ব্যবস্থা করা হবে শান।’

ছবিটিতে মুখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার নায়িকা হিসেবে আছেন পূজা চেরি। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।