সিনেমা হলে এখনো দর্শক টানছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। ঈদে মুক্তির পরই দর্শকের আগ্রহ ছিল সিনেমাটি নিয়ে। মাঝে জানা গেল আগামী মঙ্গলবার থেকে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে বছরের বহুল আলোচিত সিনেমাটি। ওটিটিতে এর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা হিমেল আশরাফ। এরই মধ্যে বায়োস্কোপের অফিশিয়াল ফেসবুকে প্রিয়তমা মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। টিজারের পর ওটিটি প্লাটফর্মে প্রকাশ হয়েছে প্রিয়তমার ট্রেলারও! যদিও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ করেননি প্রিয়তমাসংশ্লিষ্টরা।
প্রিয়তমার ওটিটি স্ট্রিমিংয়ের তারিখ ঘোষণা করে বায়োস্কোপ জানিয়েছে, ২২ আগস্ট মোবাইল, ওয়েবসাইট ও টিভিতে প্রিয়তমা দেখতে পারবেন শুধু বায়োস্কোপে।
প্রিয়তমা সিনেমায় ইধিকা পাল অভিনয় করেছেন ইতি চরিত্রে। তার বিপরীতে সুমন চরিত্রে শাকিব খান। গত ১১ মে পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়েছে।
ঈদে ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির অষ্টম সপ্তাহে এসেও সিনেমাটি আলোচিত। এর টিজার, গান ও শাকিবের নতুন লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনই সিনেমা হলে দাপট দেখিয়েছিল এ সিনেমা। ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে সিনেমাটি মুক্তির কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা।
শাকিব খান ছাড়াও প্রয়াত ফারুক হোসেনের গল্পে প্রিয়তমা সিনেমায় অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরো অনেকে।










