ছোট পর্দার নিয়মিত মুখ জোভান-কেয়া পায়েল সম্প্রতি ‘গো টু হেল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন নির্মাতা এমআই জুয়েল।

‘গো টু হেল’ এ সময়ের গল্প নিয়ে নির্মিত একটি নাটক। ভিন্ন সব চরিত্রে কাজ করলেও এর আগে কৃপণ ছেলের চরিত্রে কাজ করা হয়নি ফারহান আহমেদ জোভানের। এবার সে রকমই একটি চরিত্রে দেখা যাবে তাকে। এ বিষয়ে জোভান বলেন, ‘দেড় শতাধিক নাটকে কাজ করেছি। কিন্তু কৃপণ ছেলের চরিত্রে আমার অভিনয় করা হয়ে ওঠেনি। এমনই কৃপণ ছেলে যার দাদা, দাদার দাদাও ছিলেন কৃপণ। কাজটি খুব উপভোগ করেছি। তৃপ্তি পেয়েছি করে।’

এদিকে জোভানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কেয়া পায়েল বলেন, ‘তিনি আমার পছন্দের একজন অভিনেতা। খুব সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি। নির্মাতা গুছিয়ে কাজটি করার চেষ্টা করেছেন। আশা করি দর্শকের ভালো লাগবে।’ ‘গো টু হেল’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পর তা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।