আসন্ন শিল্পী সমিতির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন চিত্রনায়িকা পরীমনি। ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র তোলা হয়েছিল তার পক্ষ থেকে। কিন্তু গতকাল দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, আমার অনাগত সন্তানের স্বার্থেই নির্বাচন থেকে সরে এসেছি। আমি শারীরিকভাবে ফিট না। আর শিগগিরই ইন্ডিয়ায় যাব চিকিৎসার জন্য। সবকিছু বিবেচনা করে সরে আসা। আমার অনাগত সন্তানের জন্মের আগে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। যেহেতু নির্বাচন করতে গেলে সেখানে সময় দেয়া লাগে। এ মুহূর্তে আমি সেই সময়টা দিতে পারছি না। আর তাই আমি নির্বাচন করছি না।
গতকাল দুপুরে পরীমনির স্বামী শরিফুল রাজ গণমাধ্যমকে জানান, ‘শারীরিক অবস্থার কারণে পরী নির্বাচন করতে পারছে না। সে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে নেয়ার পরিকল্পনা রয়েছে।’
ঘটনার সত্যতা মিলেছে ইলিয়াস-নিপুণ প্যানেলের একাধিক প্রার্থীর সঙ্গে আলাপ করে। তবে জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহার বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এটুকু জানা গেছে প্যানেলের পক্ষ থেকে।
এদিকে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, ‘গতকাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। সেটা অতিক্রম হওয়ার পর আমরা পরীরমনির বিষয়টি জানতে পারি। ফলে এখন আর প্রত্যাহারের সুযোগ নেই। ব্যালটে পরীমনির নাম থাকছেই।’
২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে এখন সরগরম চলচ্চিত্রাঙ্গন। প্রতিদিনই সেখানে হাজির হচ্ছেন শিল্পী-সাংবাদিকসহ সংশ্লিষ্টরা। গত বুধবার চূড়ান্ত হয়েছে এ নির্বাচনের দুটি প্যানেল। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান।










