একই মঞ্চে আলিয়া ভাট ও রেখা। ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা আলিয়াকে উদ্দেশ করে রেখা বলেন, ‘আমাদের দেশের ভবিষ্যৎ কিংবদন্তিদের আমার পুরস্কার উৎসর্গ করছি এবং সে তাদের শুরু।’ রেখার কথায় অভিভূত আলিয়া মাটিতে পড়ে যাওয়ার ভান করেন। যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না! আলিয়া দুই হাত জড়ো করে রেখার সামনে মাথা নত করেন। তার হাত থেকে ট্রফি গ্রহণ করার সময় তাকে জড়িয়েও ধরেন। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে এ দৃশ্যের অবতারণা হয়েছে। রোববার অনুষ্ঠানটি টেলিভিশনে প্রচার হওয়ায় ঘটনাটি সবার দৃষ্টি কেড়েছে। অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে সনি। সেখানে আলিয়াকে এমন বিহ্বল অঙ্গভঙ্গি করতে দেখা যায়।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন আলিয়া ভাট। গাঙ্গুবাঈ চরিত্রটির অনুকরণে সাদা শাড়ি পরে এসেছিলেন তিনি। সঞ্জয় লীলা বনসালির গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য এ সম্মানে ভূষিত হন আলিয়া। অন্যদিকে রেখার পরনে ছিল সাদা ও সোনালি রঙের মিশ্রণে সিল্কের শাড়ি। সঙ্গে ছিল স্বর্ণের গহনা। রেখার হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন আলিয়া ভাট। সিনেমা ইন্ডাস্ট্রিতে অনবদ্য অবদানের জন্য সম্মাননা পান রেখা। তিনি তার এ অর্জন আলিয়া ভাটকে উৎসর্গ করেন। রেখা ভবিষ্যতের অন্যতম কিংবদন্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন আলিয়া ভাটকে।
এর মধ্যেই পর্দায় আলিয়া তার প্রতিভার প্রমাণ করেছেন। গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি, গলি বয়, হাইওয়ে, উড়তা পাঞ্জাব, রাজির মতো সিনেমাগুলো তার অনবদ্য অভিনয়ের স্বাক্ষর বহন করছে। করণ জোহরের রকি অউর রানী কি প্রেম কাহানি সিনেমায় তার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। এ সিনেমায় তার বিপরীতে রণবীর সিংকে দেখা যাবে। আগামী ২৮ জুলাই থিয়েটারে সিনেমাটি মুক্তি দেয়ার দিন ঠিক হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










