গল্পটা আলিফ-লিয়া ও তাদের ছয় বছরের একমাত্র কন্যা সুপ্তির। লিয়া বেশকিছু দিন হলো লক্ষ করছে সুপ্তি তাকে মা বলে ডাকে না। কিন্তু বাবাকে বাবা, ফুপিকে ফুপি ডাকতে পারে। অন্যসব কথাও বলতে পারে। শুধু মা বলার ক্ষেত্রে চুপ হয়ে যায়। মা না ডাকার কোনো কারণ এ দম্পতি খুঁজে পায় না। অভিমান করে মা না ডাকার মতো বয়স বা বুদ্ধি সুপ্তির হয়নি। তার কথা বলার শুরুটা হয়েছিল একটু দেরিতে। অনেক বাচ্চারই এমনটা হয়। তাই চিকিৎসকের কাছে যেতে হয়নি। অনেক কৌশলে সুপ্তির মুখে মা ডাকানোর চেষ্টা করেও ব্যর্থ হন তার বাবা-মা। অবশেষে পরিচিত চিকিৎসকের কাছে যান দুজনে। চিকিৎসক তাদের ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বলেন। কিন্তু সাইকিয়াট্রিস্টও কোনো সমস্যা খুঁজে পায় না। আসিফ-লিয়ার ভেতরে এক দ্বিধা কাজ করে। কিন্তু এ দ্বিধা আসলে কিসের? তারা প্রেম করে বিয়ে করেছে। যদিও বিয়ের ঠিক দুই মাস আগে একটা অঘটন ঘটেছিল। সে ঘটনাই কি অঘটনের জন্ম দিল! সেই অঘটনার জন্যই কি সুপ্তি লিয়াকে মা ডাকে না! এসব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে বিশেষ নাটক ‘তুমি আমি আর দ্বিধা’।
এ নাটকের গল্প আহম্মদ আলী হাসানের। রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা সাগর জাহান। এতে অভিনয় করেছেন অপূর্ব, সাফা কবির, ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে। নাটকটি আগামীকাল আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে।










