মারধর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ জুনায়েদ তা মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেন।
মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গতকাল রোববার পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন পরীমনি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
একই মামলায় পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করে তারও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে জানান, অসুস্থ থাকায় পরীমনি রোববার আদালতে হাজির হননি। এ জন্য পরীমনির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন।
এর আগে, গত বছরের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মো. মনির হোসেন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে চিত্রনায়িকা পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়।
প্রসঙ্গত, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই আদালত পরবর্তী কার্যক্রম শুরু করেন।










