টিভি নাটকের জনপ্রিয় পরিচালক সাগর জাহান এর আগে সাত পর্বের ধারাবাহিক ‘টিক্কা’ নির্মাণ করে বেশ ভালো সাড়া পেয়েছিলেন। দর্শকমহলে নাটকটি বিশেষ আগ্রহ তৈরি করেছিল। যার পথ ধরে এবার তিনি নিয়ে আসছেন নাটকটির সিকুয়াল ‘টিক্কা রিটার্নস’। এবারের ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে সাত পর্বের ধারাবাহিকটি দেখতে পাবেন দর্শক। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, পাভেলসহ আরো অনেকে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে এটি।

নাটকটি নিয়ে সাগর জাহান জানান, অ্যাকশন থ্রিলারধর্মী এ নাটকের গল্পে দেখা যাবে টিক্কা শহরে চলে যাচ্ছিল। ট্রেনে ওঠার ঠিক আগে সে জানতে পারে, যার হাত ধরে সে অজানায় পাড়ি দিচ্ছে, সে হাসনাহেনা তার প্রিয় মালিঙ্গা খুন হওয়ার জন্য দায়ী। সব কিছুই পরিষ্কার হয়ে যায় তার সামনে। টিক্কা সব ক্ষমা করতে পারে, কিন্তু বেঈমানি সে কোনোভাবেই মেনে নিতে পারে না। স্টেশনে সবার সামনেই খুন করে হাসনাহেনাকে। বড় বোন শিউলির কথায়ই গ্রামে এসেছিল হাসনাহেনা। এ গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে থানা শহরে বসেই পুরো জেলার অনেক কিছু নিয়ন্ত্রণ করে শিউলি। সে সবার সঙ্গে পারে, শুধু টিক্কার সঙ্গে পারে না। সে ঢাকায় পারে, চট্টগ্রামে পারে, কিন্তু বাড়ির পাশের এ গ্রামে পারে না। এ গ্রামের দুইটা বাঁওড়, একটা বিল সব নাকি টিক্কা নিয়ন্ত্রণ করে। না, এটা হয় না। শুরু হয় অভিযান। নানামুখী দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী।