নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘‌দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। গত মাসের শেষ দিকেই রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে নতুন সিনেমার শুটিং। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন সিনেমার জানান দেন মিম। শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে নির্মাণ হচ্ছে ‘দিগন্তে ফুলের আগুন’। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। অন্যদিকে শহীদু্ল্লাহ কায়সারের চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার। এরই মধ্যে নতুন লুকে দেখা গেছে দুই তারকাকে। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সাদাকালো ছবি দিয়ে আসন্ন সিনেমার চরিত্রের লুক প্রকাশ করেছেন মিম।

সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে পান্না কায়সার বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার পাশেই মোস্তফা মনওয়ার শার্ট ও মোটা ফ্রেমের চশমায় সেজেছেন শহীদুল্লাহ কায়সার। ছবির ক্যাপশনে মিম লিখেছেন, “পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার।” সামাজিক যোগাযোগমাধ্যমে লুকের জন্য প্রশংসা পাচ্ছেন মিম ও মনওয়ার। 

সিনেমাটি নিয়ে মিম বলেন, ‘‌আমি সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রে অভিনয় করতে চাই, যা দর্শকদের ভাবাবে এবং ভালো লাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। আমার বিশ্বাস ভালো কিছু হবে। এ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে অভিনয় করার আগে তার সম্পর্কে অনেক জানতে হয়েছে। তার অনেক ইন্টারভিউ দেখেছি, পড়েছি। পরিচালকের কাছ থেকে অনেক তথ্য জেনেছি। এছাড়া শমী কায়সার আপুর কাছ থেকেও জেনেছি পান্না কায়সার সম্পর্কে।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি প্রযোজনা করছেন শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং শুরু হওয়ার কিছুদিন পর ৪ আগস্ট মারা যান পান্না কায়সার। এরপর কয়েক দিন শুটিং বন্ধ ছিল। বিরতির পর বুধবার পুরান ঢাকায় আবার শুরু হয়েছে শুটিং। বর্তমানে এ নিয়েই ব্যস্ত আছে সিনেমার টিম। 

পান্না কায়সার একজন লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের সঙ্গে বিয়ে হয় তার। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী শহীদুল্লা কায়সারকে ধরে নিয়ে যায়। তিনি আর ফিরে আসেননি। এরপর মেয়ে শমী ও ছেলে অমিতাভকে নিয়ে নতুন যুদ্ধ শুরু করেন পান্না কায়সার।