ভারতের ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষিত হয়েছে। এ তালিকায় এগিয়ে আছে দক্ষিণী সিনেমা ও অভিনেতারা। কেননা পুরস্কারে সেরা সিনেমা ও সেরা অভিনেতা, দুটোই গেছে দক্ষিণে। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে আর মাধবন পরিচালিত ও অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’। অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। কোনো সন্দেহ নেই দক্ষিণী সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও ব্যবসাসফলতার কারণেই এ পুরস্কার তারা পেয়েছে। রকেট্রি ও পুষ্পার পাশাপাশি একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর।
‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ সিনেমাটি নির্মিত হয়েছে বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনীর ওপর ভিত্তি করে। ভারতের এ রকেট সায়েন্টিস্টকে নিয়ে একসময় বিতর্ক উঠেছিল। পরবর্তী সময়ে ভারত সরকার তাকে পুরস্কৃতও করেছেন। নাম্বিকে নিয়ে সিনেমা নির্মাণ আর মাধবনের স্বপ্নের প্রজেক্ট ছিল। সিনেমাটিতে তিনি নিজেই অভিনয় করেছেন নাম্বি নারায়ণের চরিত্রে। কান চলচ্চিত্র উৎসবে ২০২২ সালে সিনেমাটির প্রিমিয়ার হয় এবং ভারতে মুক্তির পর সিনেমাটি প্রশংসা পেয়েছিল। এবার সিনেমাটি পেল সেরা ফিচার ফিল্মের পুরস্কার।
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল অতিমারী-পরবর্তী ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম ব্যবসাসফল। পাশাপাশি সিনেমাটি দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়। সিনেমার দ্বিতীয় পর্বের কাজ চলছে। এতে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিল। এছাড়া আরআরআর নিয়ে নতুন করে বলার কিছু নেই। এর নাটু নাটু গানটি অস্কার পেয়েছে আর সিনেমাটি সেরা প্লেব্যাক, আবহ সংগীতসহ কয়েকটি বিভাগে পুরস্কার পেয়েছে।
দক্ষিণের বাইরে বলিউডেও বেশকিছু পুরস্কার এসেছে এবং যথারীতি অন্যান্য অ্যাওয়ার্ডের মতো এখানেও এগিয়ে আছেন আলিয়া ভাট। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। তার সঙ্গে যৌথভাবে এ সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন। মিমি সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। এছাড়া সেরা স্ক্রিনপ্লের জন্যও পুরস্কৃত হয়েছে আলিয়া অভিনীত সঞ্জয় লীলা বানসালির সিনেমা গাঙ্গুবাই।
নানা বিতর্ক থাকলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভারত গুরুত্ব দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে। সিনেমাটিকে ‘নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন’ পুরস্কার দেয়ার পাশাপাশি এ সিনেমার অভিনেত্রী পল্লবী যোশীকে দেয়া হয়েছে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার।
এক নজরে
সেরা ফিচার ফিল্ম: রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট
সেরা পরিচালক: নিখিল মহাজন (গোদাবরী)
সেরা জনপ্রিয় সিনেমা: আরআরআর
নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন: দ্য কাশ্মীর ফাইলস
সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা: দ্য রাইজ)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) ও কৃতি শ্যানন (মিমি)
সেরা পার্শ্ব-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠী (মিমি)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা প্লেব্যাক (পুরুষ): কাল ভৈরব (আরআরআর)
সেরা প্লেব্যাক (নারী): শ্রেয়া ঘোষাল (ইরাভিন নিজহাল)
সেরা হিন্দি সিনেমা: সর্দার উধম
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










