দেশের ব্যান্ড সংগীতে মঞ্চ মাতানো সংগীতশিল্পী মিলা ইসলাম। তার গান এখনো শ্রোতাদের মুখে ফেরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এ জনপ্রিয় পপ তারকা। মাঝে শোয়ে খুব একটা পাওয়া না গেলেও এখন স্টেজ আয়োজনে সরব তিনি। প্রশিক্ষক হিসেবে শিল্পকলা একাডেমিতে কর্মশালায় অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশলবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি।
আয়োজন নিয়ে মিলা বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন একটি অভিজ্ঞতা। এ কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এ কর্মশালার আয়োজন করা হয়। এখানে দর্শকের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে তাদের সম্মাননা দেয়া হয়। সামনে এমন আয়োজনে আরো থাকতে চাই।’
এদিকে সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। ‘প্রেম পুকুরে বরশি ফেলে আনবরে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, ‘শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে, তা আমি লুফে নিয়েছি। তাই এবারো যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এল, দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে ‘ইনসাফ’ সিনেমার প্লেব্যাক করেছি।’










