বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে দেশের সিনেমা ছাড়িয়ে ওপার বাংলায়ও ব্যস্ত এ অভিনেত্রী। গত বছরই পশ্চিমবঙ্গের বড় পর্দায় অভিষেক হয়েছে মিথিলার। তবে ‘আয় খুকু আয়’ সিনেমায় একটি গানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবার পুরো সিনেমায়ই থাকবেন এ অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গে মিথিলার প্রথম সিনেমা ‘মায়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। রাজর্ষি দে পরিচালনায় সিনেমাটি উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন। মূলত লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্তা এ মায়া চরিত্র।
চরিত্রটি নিয়ে মিথিলা বলেন, ‘আমার চরিত্রের একটা ব্যাক স্টোরি আছে। আমাকে তিন বয়সের চরিত্রে দেখা যাবে। বর্তমান সময়ে দেখানো হচ্ছে পঞ্চাশোর্ধ্ব মহিলা। এছাড়া মায়ার ১৭-১৮ ও ৩০ বছর বয়সের গল্পও আছে। বর্তমানে দেখানো হচ্ছে আমার বেশি বয়স। পঞ্চাশোর্ধ্ব মহিলা, তান্ত্রিকের মতো দেখতে। তবে কীভাবে সে ওই জায়গায় এল, সে কি সত্যিই তান্ত্রিক, নাকি অন্য কেউ? মায়ার ত্রিশোর্ধ্ব সময়টাও আছে এতে।’
কলকাতার প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে এ অভিনেত্রী আরো বলেন, ‘কাজটি করতে গিয়ে ভীষণ চ্যালেঞ্জিং মনে হয়েছিল। প্রথমত এটা কলকাতায় আমার প্রথম সিনেমা ছিল। আর যারা কো-আর্টিস্ট ছিলেন, তাদের সঙ্গে এর আগে কাজ করা হয়নি। তাছাড়া যখন স্ক্রিপ্ট পড়ছিলাম, নিজেকে মায়া ভাবতে কষ্ট হচ্ছিল। ভীষণ কঠিন একটা চরিত্র। ওর ভেতরে অনেক কিছু চলতে থাকে, দেখে বোঝার উপায় নেই, সে আসলে কে। লুক সেট হওয়ার আগ পর্যন্ত দুশ্চিন্তা হচ্ছিল। মায়া কীভাবে তাকাবে, কীভাবে সংলাপ বলবে, আচরণ কেমন হবে ভাবছিলাম। কিন্তু কানেক্ট করতে পারছিলাম না। তবে লুক সেট করার পর মনে হলো, মায়া যেন আমার ওপর ভর করেছে।’
চলতি বছরের মার্চে টালিউডের সিনেমা মায়ার ট্রেলার প্রকাশ পেয়েছিল। এ সিনেমায় কলকাতার ১৮ জন শিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। ট্রেলার প্রকাশ হতেই নেটিজেনদের প্রশংসা পাচ্ছেন মিথিলা। নিজেকে ভিন্নভাবে সবসময় উপস্থাপন করছেন তিনি। সবচেয়ে বেশি নজর কেড়েছে ট্রেলারে মিথিলার হিন্দি সংলাপ। একেবারে সাবলীলভাবেই হিন্দিতে নিজেকে ফুটিয়ে তুলেছেন এ অভিনেত্রী। ২০২১ সালে এ সিনেমা দিয়েই টালিউডে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মিথিলা। মায়ার ৭০ ভাগ সংলাপই হিন্দি ভাষায় ছিল এ অভিনেত্রীর। হিন্দি ভাষায় অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি এমনিতেই হিন্দি ভালো বলতে পারি। তাই খুব একটা প্র্যাকটিস করতে হয়নি। এর আগে ‘একাত্তর’ নামের একটি সিরিজেও হিন্দি ভাষায় সংলাপ বলেছি। তবে এবারের পরিধিটা বেশ বড় ছিল। আনন্দ নিয়েই কাজটি করেছি। ভারতে আমার যে বন্ধুরা ভালো হিন্দি বলতে পারে, তারা বলেছে আমি ঠিকঠাক কাজটি করতে পেরেছি। আমার কাছেও তাই মনে হচ্ছে। বাকিটা বলবেন দর্শক সমালোচকরা।’
ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউজের উপস্থাপনায় সিনেমাটি প্রযোজনা করেছেন দেবদাস ব্যানার্জী ও রোহিত ব্যানার্জি। ছবিটির বিভিন্ন গানে সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর, সোমলতা ও উজান। এ সিনেমায় মিথিলা ছাড়া আরো অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা ব্যানার্জি, দেবলীনা কুমার, কমলেশ্বর মুখার্জি, রিচা শর্মা প্রমুখ।
অন্যদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পশ্চিমবঙ্গের লেখক ও নির্মাতা অনির্বাণ চক্রবর্তী। সিনেমার নাম ‘ও অভাগী’। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রাফিয়াত রশিদ মিথিলা। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে নির্মাতা জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে তিনি মূল কাহিনী কিছুটা বদলে নিয়েছেন। সমকালীন সময়ের ছাপ থাকবে সিনেমার গল্পে। এরই মধ্যে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা, যেখানে মিথিলাকে ভিন্নভাবে দেখা গেছে।










