আবারো পর্দা উঠছে ‘চতুর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসব ২০২২’-এর। আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হয়ে এ উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত। তিন দিনব্যাপী এ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের মডারেটর অধ্যাপক ড. আহমেদুল কবিরসহ শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীরা।

উৎসবে মঞ্চনাটক নিয়ে আসবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য নাটকের দল। এগুলোর মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রণন দলের প্রযোজনায় ‘বন্দি বিবেক’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রঙ্গপিঠ দলের ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থক রেপার্টরি দলের ‘জেরা দি ইন্টারোগেশন’, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের ‘অবরুদ্ধ ১৪ বছর’ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির ‘কিত্তনখোলার কিচ্ছা’। এছাড়া ঢাবি নাট্য সংসদের প্রযোজনায় পরিবেশিত হবে মুনীর চৌধুরীর নাটক ‘কবর’ ও শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে ‘বিলাসী’।

ঢাকা বিশ্ববিদ্যাল নাট্য সংসদ শিক্ষার্থীদের মধ্যে নাটক এবং সুস্থ সংস্কৃতিচর্চাকে বেগবান করতে পাঁচ বছরের অধিক সময় ধরে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতিষ্ঠার অল্প কিছুদিনের মধ্যে দেশে-বিদেশে নাট্য প্রদর্শনী, নিজস্ব পরিবেশনায় বেশ কয়েকটি মঞ্চনাটক ও পথনাটকের পাশাপাশি সফলতার সঙ্গে তিনটি নাট্যোৎসবের আয়োজন করেছে।