ব্রিটেনের নতুন রাজার অভিষেক আগামী মাসে। এ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হবে অনেককে। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ২০০০। অতিথিদের আলাদা করে কার্ড পাঠিয়ে আমন্ত্রণ করা হবে। স্বাভাবিকভাবেই সে আমন্ত্রণও হতে যাচ্ছে রাজকীয়। তাদের জন্য তৈরি করা হয়েছে একটি কার্ড। সাদা ব্যাকগ্রাউন্ডে এ কার্ডের ওপর থাকছে ফুল ও রাজকীয় পরিবার নির্দেশক নানা চিহ্ন। এ নকশা কার্ডের চার বর্ডারেই দেয়া হয়েছে।
রাজা চার্লসের অভিষেকের এ বিশেষ কার্ডের নকশা করেছেন অ্যান্ড্রু জেমিসন। তিনি হেরাল্ডিক আর্টিস্ট ও বিভিন্ন বইয়ের অলংকরণ করেন। নকশাটি জলরঙে ও হাতে আঁকা। এতে রয়েছে গোয়াশের ইলাস্ট্রেশন। কার্ডগুলো রিসাইকেল করা কাগজে প্রিন্ট করা হবে। রিসাইকেলকৃত কাগজে ছাপার মাধ্যমে দূষণ রোধের বিষয়ে মনোযোগ দেয়া হয়েছে।
কার্ডে লেখা আছে, ‘ দেয়ার ম্যাজেস্টিস কিং চার্লস থ্রি ও কুইন ক্যামিলা। কিং দ্য আর্ল মার্শালের আদেশক্রমে [আমন্ত্রিতের নাম]কে ওয়েস্টমিনস্টারের অ্যাবি চার্চে ৬ মে ২০২৩ সালে উপস্থিত থাকতে বলা হচ্ছে।’
এ কার্ডের নকশায় বেশকিছু প্রতীকের ব্যবহার আছে। কার্ডের উপরের দিকে ইংরেজি ‘সি’ অক্ষরের সঙ্গে দুটো পাখি দেখা যায়। ‘সি’ মূলত চার্লস ও ক্যামিলার নাম থেকে এসেছে। এর সঙ্গে আরো বোঝানো হচ্ছে কিং চার্লসের পর পদাধিকারে ক্যামিলাই সর্বোচ্চ অবস্থানে। এ কার্ডে ব্যবহৃত ফুলগুলোও যেনতেন নয়। উপত্যকার লিলি, কর্নফ্লাওয়ার, বুনো স্ট্রবেরি, ডগ রোজ দিয়ে ব্রিটিশ ঐতিহ্য বোঝানো হয়। রোজমেরির মাধ্যমে স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। ফুলগুলো তিন স্তরে সাজানো। এ দিয়ে বোঝানো হচ্ছে চার্লস তৃতীয় রাজা। রাজকীয় দম্পতির কোট অব আর্মসের সঙ্গে মিলিয়ে কার্ডে প্রজাপতি, মৌমাছি, একটি সিংহ, একটি ইউনিকর্ন ও একটি শূকর রাখা হয়েছে। চার্লসের ‘সি’ বরাবর নিচে ফুলগুলো এসে মেশে গ্রিন ম্যানের কাছে। প্রাসাদসূত্রে জানানো হয়েছে গ্রিন ম্যান মূলত ব্রিটিশ লোকগাথার একটি চরিত্র। এটি মূলত বসন্ত, নবজন্ম ও নতুন শাসনের প্রতীক।
সূত্র ও ছবি: ইয়ন










