লম্বা বিরতির পর প্রকাশ হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নতুন গান ‘একটুখানি কষ্ট দিতেও’। গানটিতে সুর করেছেন ভারতের অন্যতম সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। ১৩ এপ্রিল গানটির মিউজিক ভিডিও প্রকাশ পায় জুটি মিউজিকের ইউটিউব চ্যানেলে।
গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। নচিকেতার সুরে সামিনা চৌধুরীর নতুন গানের সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম।
এ প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। তাও বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো। এটা রাসেলের অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দুজনকে দিয়ে একটা গান করাতে। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও তার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
গানটি সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। তার জন্য প্রথমবার সুর করেছি। চমত্কার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’
এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নারী শিল্পীদের মধ্যে সামিনা চৌধুরী আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার সুরে সামিনা আপার জন্য একটা গান করব। কারণ দুজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গানটি হলো।’
জুটি প্রডাকশনের ব্যানারে গানটির একটি ভিডিও নির্মিত হলো, যাতে সামিনা চৌধুরী নিজেই হাজির হয়েছেন ক্যামেরার সামনে।










