নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এক বছরের জন্য ১৫ সদস্যের এ সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল।

নতুন কমিটিতে সদস্য হিসেবে আছেন অভিনেত্রী রোজিনা, অরুণা বিশ্বাস। তারা এর আগেও সেন্সর বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনেই পুনরায় কমিটিতে থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। কার্যকর হওয়া নতুন কমিটিতে আরো আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, আবদুস সামাদ খোকন, চলচ্চিত্র সাংবাদিক ফাল্গুনী হামিদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন।

এছাড়া সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।

সেন্সর বোর্ডের নতুন সদস্য হিসেবে সোহানুর রহমান সোহান বলেন, সেন্সর বোর্ড একটি দায়িত্বশীল জায়গা। সেখানকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় সদস্য হিসেবে থাকা অত্যন্ত আনন্দের। আমি চেষ্টা করব দেশীয় সিনেমার স্বার্থে নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর। আমাকে কমিটিতে রাখার জন্য তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ‘সেন্সরশিপ অব ফিল্ম রুলস’ অনুসারে চলচ্চিত্র সেন্সর বোর্ড গঠিত হয়। প্রতিষ্ঠানটি ওই নীতিমালার ১৩ নং অনুচ্ছেদে বর্ণিত বিধি অনুসারে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বা আইন-শৃঙ্খলা, আন্তর্জাতিক সম্পর্ক, ধর্মীয় অনুভূতি, অনৈতিক বা অশ্লীলতা, বীভৎসতা, অপরাধ, নকল প্রভৃতি দিক বিবেচনা করে একটি চলচ্চিত্রকে ছাড়পত্র দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের কোনো চলচ্চিত্রকে ‘এ’ কিংবা ‘এক্স’ চিহ্নিত রেটিং প্রদান করে না। চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রশাসনিকভাবে একজন চেয়ারম্যানের অধীনে পরিচালিত। যার অধীনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সচিবসহ ছয়জন পরিদর্শক থাকেন। এছাড়া বছরের নির্দিষ্ট সময় সরকার কর্তৃক চলচ্চিত্র বাছাইয়ের জন্য সমাজের বিভিন্ন পেশা ও স্তরের লোকদের নিয়ে একটি বোর্ড গঠিত হয়, যারা চলচ্চিত্র ছাড়পত্র দিয়ে থাকে।