প্রথমবারের মতো দীপ্ত টিভি আয়োজন করেছে ‘এসএমসি মনিমিক্স প্লাস ক্ষুদে বিজ্ঞানী অ্যাওয়ার্ড-২০২২’। শুক্রবার সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটির অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।
বিজয়ীদের সম্মাননা হাতে তুলে দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, এসএমসির ডিএমডি তসলিম উদ্দিন খানসহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ফেরদৌস বাপ্পী ও তারিন জাহান।
দুটি গ্রুপে বিজ্ঞানের পাঁচটি বিভাগের মধ্যে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘ক’ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ নির্ধারণ করা হয়। ‘ক’ গ্রুপে জুনিয়ার শাখায় সমন্বিতভাবে প্রথম হয়েছে সামস রহমান মুগ্ধ ও ওম অভ্র চৌধুরী। যৌথভাবে দ্বিতীয় হয়েছে নামিরা আহমেদ ও আয়ানা চৌধুরী, তৃতীয় হয়েছে রৌদ্র হাসান। অন্যদিকে ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে খান প্রিন্স ইয়াসির আরাফাত, দ্বিতীয় স্থানে সাজিদুল ইসলাম, তৃতীয় হয়েছে মো. নাদিম শাহরিয়ার অপূর্ব।
এ আয়োজনে বিজয়ীদের সম্মাননা বাবদ প্রাইজমানি দেয়া হয়েছে। প্রথম স্থান অর্জনকারীকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৫০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়েছে।
চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন, আবদুন নূর তুষার, ড. লাফিফা জামাল, ড. মোহাম্মদ কায়কোবাদ। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে দীপ্ত টিভি।










