ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত নন এ অভিনেত্রী। তবে নাম লিখিয়েছেন পরিচালকের খাতায়। সম্প্রতি তিনি তার প্রথম সিনেমা পরিচালনা করেছেন। নাম ‘অসম্ভব’। সিনেমাটি সরকারি অনুদানে তারই প্রযোজনা সংস্থা থেকে নির্মাণ হয়েছে। এরই মধ্যে সিনেমার যাবতীয় কাজ শেষ। অরুণা জানান, আগামী ২০ অক্টোবর এটি মুক্তির জন্য প্রস্তুত। এরই মধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আবুল হায়াত, সোহানা সাবা, নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ আরো অনেকেই। এছাড়া এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসকে। 

আসন্ন সিনেমা নিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘শুধু একটি কথাই বলতে চাই, আমার পরিচালিত অসম্ভব মুক্তির পর এ নিয়ে গবেষণা হবে। আমি আমার সবটুকু মেধা ও শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। একজন শিল্পী হিসেবে অতৃপ্তির জায়গাটা কোথায়, সেটা আমি অনুধাবন করতে পারি। যে কারণে সে অতৃপ্তি যেন না থাকে, সেভাবেই সিনেমাটি অনেক খেটে, অনেক শ্রম দিয়ে নির্মাণ করেছি। হায়াত কাকু, মা, সাবা, স্বাগতা, নূরসহ আরো যারা ছিলেন প্রত্যেকেই এক কথায় দারুণ অভিনয় করেছেন। এ কারণেই আমি আরো বেশি আশাবাদী হয়ে উঠেছি।’ 

সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী সোহানা সাবা। সিনেমাটি নিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার অভিনীত সিনেমার নেপথ্যে একজন অরুণা বিশ্বাস আছেন। একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। এ সিনেমায় সুন্দর গান রয়েছে, যেগুলো দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ দেশের ও পরিবারের সুন্দর গল্প আছে এতে। খুব সুন্দর লোকেশনে সিনেমাটা শুটিং করা হয়েছে। আমরা শিল্পীদের নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি এ সিনেমায়। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শক সিনেমা হলে এলে আটকে পড়বেই। সম্প্রতি আমরা টিমের সবাই এক হয়েছিলাম এফডিসিতে সিনেমার কিছু অংশ দেখতে। সিনেমাটার অল্প কিছু অংশ দেখার পরই এত কনফিডেন্টলি এ কথাগুলো বলতে পারছি।’

যাত্রা শিল্প ও যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত অসম্ভব সিনেমার শুটিং হয়েছে মানিকগঞ্জে। সিনেমায় মৌলিক গান আছে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার বাংলাদেশের গর্ব গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহার হয়েছে বলে জানান অরুণা বিশ্বাস। সিনেমার গল্প অরুণার ভাই মিঠু বিশ্বাসের, চিত্রনাট্য তারই করা। সংলাপ রচনা করেছেন মুজতবা সউদ। ‘যাত্রা ভিশন’-এর ব্যানারে এটি নির্মাণ করেছেন অরুণা বিশ্বাস।