ভারতীয় দর্শকদের যতটা মন কেড়েছে, বিশ্ব
বাজারে ততটা ঝড় তুলতে পারেনি বলিউড সিনেমা ‘গাদার টু’। ২৬ দিনের আয়ের হিসেবে ‘বাহুবলি:
দ্য বিগিনিং’কে হারিয়ে এখন বিশ্বব্যাপী আয়ের তালিকায় ১০ নম্বরে আছে সানী দেওলের এ ব্লকবাস্টার।
এরই মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মুক্তি পেতে যাওয়া ‘জাওয়ান’-এর কারণে
সিনেমাটির লাইফলাইন শেষ হয়ে এসেছে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়,
শুরু থেকেই ‘পাঠান’কে কড়া টক্কর দিয়েছে ‘গাদার টু’। শাহরুখ-দীপিকাদের চেয়ে দ্রুত ৫০০
কোটির ম্যাজিক ফিগার ছুঁয়েছে ভারতের বক্স অফিসে। কিন্তু দিল্লি অনেক দূর! তাই প্রভাসের
‘বাহুবলি দ্য বিগিনিং’কে বৈশ্বিক আয়ে হারিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এ হিসেবে সর্বকালের
সেরা আয়ের দশ ভারতীয় ছবির তালিকায় সর্বশেষ নাম ‘গাদার টু’। তবে ‘জাওয়ান’ ঝড়ের কারণে
সেই স্থান হারানোর শঙ্কায় রয়েছে সিক্যুয়েলটি।
দৃশ্যত ‘জাওয়ান’ যত ঘনিয়ে এসেছে ততই
কমেছে ‘গাদার টু’র আয়। গতকাল মঙ্গলবার বক্স অফিসে ২৬তম দিনে দুই কোটি ৬০ লাখ রুপির
টিকিট বিক্রি হয়। এর আগের দিন হয় আড়াই কোটি রুপি। সব মিলিয়ে এখন পর্যন্ত আয় ৫০৬ কোটি
২৭ লাখ রুপি। এর আগে রোববার ৫০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়েছিল পরিচালক অনিল শর্মার
এ ছবি।
ভারতের স্থানীয় বাজারে ৫০০ কোটির ক্লাব
ছুঁতে পেরেছে মাত্র তিনটি হিন্দি ছবি। শাহরুখের ‘পাঠান’-এর আয় ৫৪৩ কোটি ৫ লাখ রুপি।
এরপর দ্বিতীয় স্থানে থাকা ‘বাহুবলি টু’ হিন্দি সংস্করণের আয় ৫১০ কোটি আয়। ধারণা করা
হচ্ছে, ‘জাওয়ান’ মুক্তির দিন বা পরের দিন হয়তো প্রভাসের সিনেমাটিকে ছাড়িয়ে যাবেন সানি।
এক
নজরে বিশ্বব্যাপী শীর্ষ আয়ের ১০ ভারতীয় ছবি: দঙ্গল (১৯৭০ কোটি রুপি), বাহুবলি
(১৮০০ কোটি), আরআরআর (১২৭৬ কোটি), কেজিএফ চ্যাপ্টার টু (১২৩০ কোটি), পাঠান (১০৫০ কোটি
৪০ লাখ), বাজরঙ্গি ভাইজান (৯১৫ কোটি), সিক্রেট সুপারস্টার (৯১২ কোটি ৯২ লাখ), পিকে
(৮৩১ কোটি ৫০ লাখ), ২.০ (৮০০ কোটি) ও গাদার টু (৬৫৮ কোটি ৩৮ লাখ রুপি)।










