মাদক মামলায় গ্রেফতার হওয়া শাহরুখ খানের ছেলে আরিয়ান খান জেলে বসে বিজ্ঞানের বই পড়তে চান।
মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কর্মকর্তাদের কাছে এমনই আর্জি জানিয়েছেন শাহরুখপুত্র। তার সেই আবেদনে বিজ্ঞানের কয়েকটি বই দেয়া হয়েছে। তবে তার পছন্দমতো কোনো খাবার দেয়া হচ্ছে না।
মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে এনসিবি হেফাজতেই রয়েছেন আরিয়ানসহ মোট ১৩ জন। আরিয়ানসহ নয়জনকে ৭ অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখবে এনসিবি। এছাড়া গতকাল মঙ্গলবার তল্লাশি চালিয়ে যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের ১১ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।
এনসিবি সূত্রে খবর, আরিয়ান বিজ্ঞানের বই চেয়েছিলেন। কয়েকটি বই তাকে দেয়া হয়েছে। তবে তার পছন্দমতো কোনো খাবার নয়, অন্য অভিযুক্তদের মতোই আরিয়ানকে সাধারণ খাবার খেতে দেয়া হচ্ছে। এনসিবি দপ্তরের পাশে ন্যাশনাল হিন্দু রেস্তোরাঁ থেকে খাবার আনিয়ে তাকে খেতে দেয়া হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় এনসিবির মেসে তৈরি খাবারই খাচ্ছেন আরিয়ান। বাড়ি থেকে খাবার আনার অনুমতি এখনো মেলেনি। জিজ্ঞাসাবাদের সময় কাগজের থালায় স্থানীয় রেস্তোরাঁয় তৈরি লুচি, তরকারি ও বিরিয়ানি খেতে দেয়া হয়েছিল আরিয়ানকে।
এনসিবি সূত্রে আরো জানানো হয়েছে, আরিয়ান এবং অন্য অভিযুক্তদের কাছ থেকে যে ফোন উদ্ধার করা হয়েছে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
মাদককাণ্ডে আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই শাহরুখবিরোধীরা হইচই শুরু করে দিয়েছেন। তাকে নানাভাবে আক্রমণ করতে ছাড়েননি অনেকেই। তবে আবার এর পাল্টা ছবিও ধরা পড়েছে। ‘বাদশা’র পাশে দাঁড়িয়েছেন তার অগণিত ভক্ত। শাহরুখ ও আরিয়ানের শুভকামনা করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে










