নতুন ‘হ্যারি পটার’ টিভি সিরিজের অভিনেতাদের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক এইচবিও। সিরিজের নিয়মিত চরিত্র হিসেবে এতে অভিনয় করবেন নিক ফ্রস্ট, পাপা এসিয়েদু, জ্যানেট ম্যাকটিয়ার, জন লিথগো, লুক থ্যালন ও পল হোয়াইটহাউজ।
আলবাস ডাম্বলডোর চরিত্রে থাকবেন জন লিথগো। সম্প্রতি অস্কারজয়ী ‘কনক্লেভ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর আগে তাকে দেখা গেছে ‘থার্ড রক ফ্রম দ্য সান’, ‘ফুটলুজ’ ও ‘দ্য ক্রাউন’ সিরিজে।
প্রফেসর ম্যাকগনাগল চরিত্রে থাকছেন জ্যানেট ম্যাকটিয়ার। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘উদারিং হাইটস’, ‘আলবার্ট নোবস’ ও ‘দ্য মেনু’।
রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে নিক ফ্রস্ট অভিনয় করবেন। তিনি ‘শন অব দ্য ডেড’, ‘হট ফাজ’, ‘দ্য ওয়ার্ল্ড’স এন্ড’ ও ‘পল’-এর মতো কমেডি সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত।
এছাড়া কুইরিনাস কুইরেল চরিত্রে লুক থ্যালন ও আর্গাস ফিলচ চরিত্রে দেখা যাবে পল হোয়াইটহাউজকে।
তবে নতুন হ্যারি পটার সিরিজে সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিয়েদুকে নেয়ার ঘোষণা আসার পর অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারণ এসিয়েদু একজন কৃষ্ণাঙ্গ অভিনেতা, বই ও পুরনো সিনেমায় স্নেইপ ছিলেন শ্বেতাঙ্গ।
সমালোচকদের মতে, বইয়ে স্নেইপকে সাদা বলে বোঝানো হয়েছে এবং এ পরিবর্তন নাকি গল্পের মূল ভাবনাকে বদলে দেবে। কিছু ভক্ত আশঙ্কা করছেন, জেমস পটার ও স্নেইপের মাঝে থাকা বুলিংয়ের বিষয়টি এখন বর্ণবাদের দৃষ্টিকোণ থেকে দেখা হবে। আবার কেউ কেউ বলছেন, বরং ডিন থমাস বা কিংসলির মতো কৃষ্ণাঙ্গ চরিত্রদের আরো ভালোভাবে তুলে ধরা উচিত ছিল।
তবে কেউ কেউ আবার বলছেন, শ্বেতাঙ্গ চরিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতার অভিনয়ের বিষয়টি অতটাও নেতিবাচক নয়। কেননা স্নেইপ চরিত্রের আসল বৈশিষ্ট্য ছিল তার জটিলতা, যন্ত্রণা আর দ্বিধা গায়ের রঙ নয়। এক্ষেত্রে এসিয়েদুর অভিনয় দক্ষতা সবকিছুকে ছাপিয়ে যাবে বলেই প্রত্যাশা তাদের। হ্যারি পটারের মতো বড় ও আবেগময় ফ্যানডমে কাস্টিং বদল নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে প্রতিটি প্রজন্মও গল্পগুলো নতুনভাবে দেখে। হ্যারি পটার টিভি সিরিজের এ সাহসী কাস্টিং হিট হবে নাকি বিতর্ক আরো বাড়াবে সেটা সময়ই বলবে। তবে হ্যারি পটারের জাদু যে আবার জেগে উঠছে তা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।
সূত্র ও ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস










