অপু বিশ্বাস প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’র সব ধরনের কাজ শেষ। সেন্সর জমা দেয়ার জন্য প্রস্তুত সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি। এখন স্বাভাবিকভাবেই এর মুক্তির অপেক্ষা। এজন্য পার হতে হবে আরেকটি ধাপ। প্রয়োজন সেন্সর বোর্ডের অনুমতি। আপাতত সিনেমাটি আছে সেন্সরে। এ নিয়ে অপু বিশ্বাস জানান, ‘লাল শাড়ি’ যদি সেন্সর ছাড়পত্র পেয়ে যায়, তাহলে কোরবানির ঈদেই মুক্তি পাবে তার লাল শাড়ি।
অপু বিশ্বাস প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। ঈদের বেশি বাকি নেই। মুক্তি পাচ্ছে আরো কয়েকটি সিনেমা। এর মধ্যে লাল শাড়ির প্রতিযোগিতা করা কঠিন। তবে তা নিয়ে দুশ্চিন্তা নেই অপু বিশ্বাসের। তিনি বলেন, ‘এবার কোরবানির ঈদে কমার্শিয়াল সিনেমা বলতে যা বোঝায় তা শুধু শাকিব খান অভিনীত প্রিয়তমা। বাকি আর কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। যে কারণে যদি সব ঠিকঠাকভাবে সেন্সর ছাড়পত্র পেয়ে যায়, তাহলে এবার কোরবানির ঈদেই মুক্তি পাবে লাল শাড়ি। আমি সিনেমাটি মুক্তি দেয়ার জন্যও সবকিছু গুছিয়ে নিয়ে আসছি।’
সরকারি অনুদানে নির্মিত হলেও সিনেমাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা প্রচারণা করছেন অপু বিশ্বাস। পেয়েছেন অনেকের সহযোগিতা। তাদের ধন্যবাদ দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে যারা ছিলেন তারা এখনো আমার পাশে আছেন, আমাকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। যে কারণে আমি আরো আশাবাদী হয়ে উঠেছি। বাকিটা দেখা যাবে। তবে সবার দোয়া চাই, আশীর্বাদ চাই যেন লাল শাড়িকে ঘিরে আমার স্বপ্ন পূরণ হয়।’ লাল শাড়িতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
বন্ধন বিশ্বাসের পরিচালনায় এর আগে অপু বিশ্বাস ‘ছায়া বৃক্ষ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এদিকে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘তাহাদের স্বর্গ’ নামের আরো একটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে। এর আগে একই পরিচালকের ‘প্রিয় কমলা’ সিনেমায় অভিনয় করেছিলেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র লাল শাড়ি। ২০২১-২২ অর্থবছরে লাল শাড়ি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন তিনি। এ সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে। বর্তমানে এটির মুক্তি নিয়ে ব্যস্ত ঢাকাই সিনেমার এ নায়িকা। গত বছর নভেম্বরে টাঙ্গাইলের সিনেমাটির শুটিং শুরু হয়।
অন্যদিকে শনিবার প্রকাশ পেয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনের ফার্স্ট লুক। ৩০ সেকেন্ডের ফাস্টলুকের ভিডিওটির জন্য প্রশংসা পাচ্ছেন শাকিব খান। সিনেমাটির ফার্স্টলুক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাকিব খানকে আসন্ন সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন অপু। এবার ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।










