বরাবরই ঈদ আয়োজনে নাটক নিয়ে দর্শকের আগ্রহ থাকে। একটা সময় ছিল যখন কেবল টিভি পর্দায়ই ঈদের নাটক দেখানো হতো। তবে এ সময়ে এসে নাটকের প্লাটফর্মে ভিন্নতা এসেছে। টিভির পাশাপাশি ইউটিউবেও ঈদে নাটকের আয়োজন থাকে। দুই মাধ্যমেই নাটক নিয়ে এ ঈদে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও তারকারা।
ঈদে জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলুর নাটক নিয়ে দর্শকদের আগ্রহের কমতি থাকে না। ঈদের জন্য লাভলু নির্মাণ করেছেন দুটি নাটক, মামুনুর রশীদের রচনায় ‘কাক জোছনা’ ও কাজী শাহেদুল ইসলামের ‘কার বিয়ে কে করে’। গত সপ্তাহেই পুবাইলে শেষ হয়েছে ‘কার বিয়ে কে করে’ নাটকের কাজ। এতে জব্বার চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকটি নিয়ে জানতে চাইলে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘প্রতি বছরই ঈদ নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এবার ঈদও তার ব্যতিক্রম নয়। ঈদে দুটি নাটক পরিচালনা করেছি। এর মধ্যে কার বিয়ে কে করে নাটকে অভিনয় করেছি। এবারের ঈদে আমার নির্দেশনায় নির্মিত দুটি নাটক দর্শক দেখতে পাবেন দুটি ভিন্ন চ্যানেলে। এ দুই নাটক নিয়েই আমি আশাবাদী।’
এক যুগেরও বেশি সময় ধরে ঈদের নাটক নির্মাণ করছেন হানিফ সংকেত। এ বছরও ঈদে নাটক নির্মাণে ব্যস্ত তিনি। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। ভিকি জাহেদের দর্শকপ্রিয় নাটক ‘পুনর্জন্ম’। ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সব শ্রেণীর দর্শকের মন জয় করেছে। এর মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। দর্শকপ্রিয় নাটক পুনর্জন্মর অন্তিম পর্বে আসছে এ ঈদুল আজহায়। এ পর্বের চমক সম্পর্কে মেহজাবীন চৌধুরী বলেন, ‘পুনর্জন্মের অন্তিম পর্বে চমক তো আছেই। সব বলা যাবে না। এতটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। দর্শকের দীর্ঘদিন প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে অন্তিম পর্ব প্রচারের মধ্য দিয়ে। গল্পটা এ পর্বে শেষ হবে। দর্শক প্রতীক্ষায় আছেন কীভাবে গল্পটা শেষ হবে। এক, দুই ও তিন পর্বকে ঘিরে যেমন দর্শকের আগ্রহ ছিল, অন্তিম পর্বকে ঘিরেও দর্শকের প্রবল আগ্রহ, অন্তিম পর্বে কী হবে।’ এছাড়াও বড় মেয়ে নাটকে দেখা যাবে রুনা খানকে। এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান, বিশেষ করে বড় মেয়েদের যে ত্যাগ আর মমতা, সে চিত্রই এ নাটকে ফুটে উঠেছে।’
ঈদে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে রুনা খানের নাটকটি।
আসছে নাটকে দেখা যাবে নিলয় আলমগীর ও সাফা কবিরকে। নাটকের নাম ‘ওয়াদা’। এতে রাশেদ ও জুথি চরিত্রে অভিনয় করেছেন নিলয় ও সাফা।
নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি। এছাড়া প্রতিবারের মতো ঈদের আরো নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতা ও তারকারা।










