চলতি বছরের শুরুতেই নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দেন দেবাশীষ বিশ্বাস। সিনেমার নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। মূলত ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘নাগ পূর্ণিমা’ সিনেমার ‘তুমি যেখানে আমি সেখানে সেকি জানো না’ গান থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সিনেমাটি নির্মাণ করছেন বলে জানিয়েছেন দেবাশীষ। এ সিনেমায় দেখা যাবে জিয়াউল রোশান ও শবনম বুবলীকে। দেবাশীষ তার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বেশ কিছুদিন আগেই। এরই মধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে বলে জানান এ নির্মাতা। মঙ্গলবার প্রথম লটের ৭০ ভাগ কাজ শেষ হলো রাজধানীর একটি অভিজাত হোটেলে। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীতে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ করেছেন পরিচালক নিজেই। 

এ সিনেমায় বুবলী অভিনয় করছেন বিজলী চরিত্রে। বুবলীকে নিয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বিজলী চরিত্রটির জন্য আমার কাছে মনে হয়েছে বুবলীই যথাযথ। বুবলীর সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। ভীষণ মনোযোগী ও সিরিয়াস একজন অভিনেত্রী। এককথায় বিজলী চরিত্রে বুবলী দুর্দান্ত অভিনয় করেছেন। আমি তার অভিনয়ে দারুণ খুশি। সময়মতো সেটে আসা, চরিত্র বুঝে নেয়া, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মনোযোগ দিয়ে রিহার্সেল করা ও শট শেষে নিজের চরিত্র নিয়ে ভাবা, ইউনিটকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা সব মিলিয়েই আমার কাছে তার আন্তরিকতা ভালো লেগেছে। সিনেমাটিতে তাকে নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

ঈদুল আজহায় বুবলী অভিনয় করেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায়। এতে অর্পা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছনে এ অভিনেত্রী। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন মাহফুজ। শবনম বুবলী বর্তমানে সিনেমাটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দেবাশীষ দাদার বাবা শ্রদ্ধেয় দীলিপ বিশ্বাস স্যারের অনেক সিনেমা দেখেছি। শুটিংয়ের সময় দীলিপ স্যারের স্ত্রী গায়ত্রী আন্টির সঙ্গে সেই সময়কার সিনেমা নির্মাণের গল্প শুনেছি, যা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। আর দেবাশীষ দাদাকে ছোটবেলা থেকেই আমি চিনতাম, কারণ আমার বোন মিমি গান করতেন। তার রেকর্ডিংয়ে যেতাম। দেবাশীষ দাদার সিনেমায় ভীষণ কমফোর্ট জোনে কাজ করেছি। ক্যামেরার সামনে দৃশ্য ধারণের আগেই রিহার্সেলের সময় আমরা যেভাবে হেসেছি তাতে মনে হচ্ছে যে এ কমেডি ঘরানার সিনেমা দেখতে দর্শক হলে যাবেন। দেবাশীষ দাদা চলচ্চিত্রে নিজের একটি অবস্থান সৃষ্টি করতে পেরেছেন। কাজের প্রতি এমন ব্রিলিয়ান্ট পরিচালকের একাগ্রতাকে আন্তরিক সাধুবাদ জানাই।’ 

সিনেমাটির ঘোষণা দেয়ার পর সিনেমার গল্প প্রসঙ্গে দেবাশীষ বলেছিলেন, ‘আমার সিনেমার প্রধান নায়ক-নায়িকা বা আকর্ষণ এর গল্প। বরাবরের মতো এবারো আমি তৈরি করছি রোমান্টিক কমেডি। কারণ কমেডি ঘরানার ছবি নির্মাণে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

সিনেমাটি নির্মিত হচ্ছে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এর আগে দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’, ‘শুভ বিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘চল পালাই’, ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু’ নির্মাণ করেন। দেবাশীষ বিশ্বাস জানান, ‘তুমি যেখানে আমি সেখানে’র দ্বিতীয় লটের শুটিং শুরু হবে আগামী অক্টোবরের শেষদিকে। আগামী বছর কোরবানির ঈদে ‘তুমি যেখানে আমি সেখানে’ মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে প্রযোজনা সংস্থার। চলতি বছরের দুই ঈদের সিনেমা দেখতেই দর্শক হলে গেছেন। দেবাশীষের নতুন সিনেমাটি কেমন দর্শক টানে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে মুক্তি অবধি। বুবলী, রোশান এবং দেবাশীষ আশাবাদী সিনেমাটি দেখতে হলে ভিড় করবে দর্শক। এখন তাদের অপেক্ষা সিনেমাটি শেষ করে মুক্তি দেয়ার।