দক্ষিণের প্রিয়দর্শিনী তামান্না ভাটিয়া। তার পোশাকের আলমারিটাও বৈচিত্র্যময় সংগ্রহে ঠাসা। রঙ, ডিজাইন, নতুনত্বে তামান্নার পোশাক ভক্ত ও গণমাধ্যমের দৃষ্টি কাড়ে। ভারতীয় নকশা ও পোশাকের প্রতি তার বিশেষ আগ্রহ। ২০২২-এ কান উৎসব কিংবা নিজের বিভিন্ন সিনেমার প্রমোশন—সবখানেই আলোচিত হয় তার পোশাক।
তামান্না লেহেঙ্গা, শারারার সঙ্গে শাড়িও পরেন নিয়মিত। সম্প্রতি তিনি ডিজাইনার অর্চনা জাজুর নকশায় তৈরি কালামকারি শাড়িতে দ্যুতি ছড়িয়েছেন। শাড়িটি হাতে বোনা জরি বুটির কাজ, সঙ্গে বন আর প্রাণীর দারুণ সুন্দর মোটিফ। শাড়ির প্রান্ত দেশজুড়ে জরির কাজ। ব্লাউজে ছিল কামালকারির এমব্রয়ডারি, শাড়ির সঙ্গে মানানসই। শাড়িটির দাম বাংলাদেশী
টাকায় দেড় লাখ।
অর্চনা জাজুর কালামকারি শাড়ির সঙ্গে তামান্না পরেছিলেন স্বর্ণের গহনা। হাত আর গলায় ছিল ভারি নকশার অলঙ্কার। কপালে ছোট টিপ। সব মিলিয়ে তামান্নাকে দেখা গেল প্রিয়দর্শিনী রূপেই।
তবে শাড়ি ছাড়াও ভক্তদের উপহার দেয়ার জন্য তামান্নার ঝুলিতে আরো কিছু আছে। এ বছর ওটিটিতে আসছে তার দুটি কাজ। অ্যামাজন প্রাইমে জি কারদা ও নেটফ্লিক্সে লাস্ট স্টোরিজ। তামান্নাকে সর্বশেষ দেখা গেছে হিন্দি সিনেমা বাবলি বাউন্সার-এ। তিনি এখন দক্ষিণী ইন্ডাস্ট্রি আর বলিউডের মধ্যে ভারসাম্য রেখে কাজ করছেন। দক্ষিণে তিনি শেষ কাজ করেছেন গুরথুন্ডা সিথাকালাম ছবিতে, যেটি ছিল কন্নড় সিনেমা লাভ মকটেলের রিমেক।










