জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। দিনটি ঘিরে দেশের বিভিন্ন টেলিভিশনে প্রচার হবে জাতীয় কবির লেখা গল্প ও উপন্যাস থেকে নাটক ও সিনেমা। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। নোমান হাসান খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ড. সৌমিত্র শেখর। এটি প্রচার হবে আজ রাত ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নায়লা তারানুম চৌধুরী। গান গেয়েছেন প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, ইয়াসমিন মুশতারি, শেখ জসিম উদ্দিন ও মিরাজুল জান্নাত সোনিয়া। আলোচনায় অংশ নিয়েছেন ড. রফিক উল্লাহ খান ও ড. এএফএম হায়াতুল্লাহ খান। 

এছাড়া কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস স্মরণে বেলা ২টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে আবৃত্তির অনুষ্ঠান, বিকাল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে নজরুল সংগীতের অনুষ্ঠান। 

এছাড়া রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিছবি ‘অগ্নিগিরি’। যার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন সময়ের বেশ আলোচিত টিভি মুখ তটিনী। তার বিপরীতে আছেন ‘স্বপ্নজাল’ নায়ক ইয়াশ রোহান। সঙ্গে আরো আছেন মাসুম বাশার। নজরুলের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মনি হায়দার। পরিচালনা করেছেন হাসান রেজাউল। জাতীয় কবির প্রয়াণ দিবসের বিশেষ আয়োজন থাকছে চ্যানেল আইতেও। সকাল সাড়ে ৭টায় স্টুডিও থেকে সরাসরি দেখানো হবে ‘গান দিয়ে শুরু’। অংশ নেবেন নাশিদ কামাল, ফাতেমা-তুজ জোহরা ও খায়রুল আনাম শাকিল। বেলা ৩টা ৫ মিনিটে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘প্রিয়া তুমি সুখী হও’। এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, শায়লা সাবি, সোহেল রানা, সুচরিতা, ববি, নীলিমা, জাহিদ শিকদার প্রমুখ।