ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া সরকার মাহি। বিগত এক দশকে প্রযোজকদের পছন্দের তালিকায় তার নাম প্রথম সারিতেই ছিল। এ কারণে তার পারিশ্রমিকও চড়া। কিন্তু হঠাৎ করেই চলচ্চিত্র থেকে মাহি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। ক্যারিয়ারের মধ্যগগনে এসে হঠাৎ কেন এ সিদ্ধান্ত? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই বলাবলি করছিলেন, সন্তানের মা হচ্ছেন মাহি। এ ধারণা আরো পোক্ত হয় যখন জানা যায়, মাহি সন্তানের নাম ঠিক করেছেন। তবে মাহি জানিয়েছেন, আপাতত মা হচ্ছেন না তিনি। ফলে সিনেমা থেকে দূরে থাকার পেছনে এ কারণটা জুতসই নয়। তাহলে কাজ কম করছেন কেন? এমন প্রশ্নের জবাবে ‘অগ্নিকন্যা’
মাহি বলেন, ‘গড়পড়তা কাজ আর করতে চাচ্ছি না। এখন শুধু ভালো কাজ হলেই নিজেকে জড়াব। যে কাজে দর্শক চাহিদা পূর্ণ হবে তেমন কাজ করতে রাজি আছি। এককথায় মানসম্পন্ন কাজ হলেই করব, না হলে নয়।’
সিনেমায় অভিনয় না করলেও গত বুধবার মাহিকে দেখা গেছে ক্যামেরার সামনে। নির্মাতা অনন্য মামুন পরিচালিত একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। এতে মাহির সঙ্গে পরিচালককেও দেখা যাবে। মাহি বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ এতে মাহির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। রুপালি পর্দায় নিরবের পথচলা ২০০৯ সালে। অন্যদিকে মাহিয়া মাহি আত্মপ্রকাশ করেন ২০১২ সালে। ক্যারিয়ারে দুজনই দশক পার করেছেন। কিন্তু একসঙ্গে কোনো কাজ করেননি। সেই অপূর্ণতা এবার মিটিয়ে নিলেন নিরব-মাহি। বিজ্ঞাপন দিয়েই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন দুই তারকা। নতুন এ বিজ্ঞাপন নিয়ে নিরব জানান, একটি ফ্যাশন হাউজের বিশাল আউটলেটের জন্য বিজ্ঞাপনচিত্রটি বানানো হচ্ছে। ২২ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটি রয়েছে যমুনা ফিউচার পার্কে। নিরব বলেন, ‘আমরা দুদিন শুটিং করেছি যমুনা ফিউচার পার্কে। শুটিং হচ্ছে ফিল্ম ভ্যালিতে। এ বিজ্ঞাপনে আমাদের সঙ্গে আরো আছেন রোজি সিদ্দিকী, মনিরা মিঠুসহ প্রায় ১৫০ মানুষ।’ বিশাল আয়োজনের এ বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন অনন্য মামুন। মাহির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, ‘সহশিল্পী হিসেবে মাহি চমত্কার। আনন্দের সঙ্গে কাজটি করছি আমরা। তাছাড়া বিজ্ঞাপনটির অ্যারেঞ্জমেন্ট অনেক বড়। সব মিলিয়ে দারুণ একটা কাজ হচ্ছে।’
গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন মাহিয়া মাহি। এর পর থেকে তিনি শোবিজের কাজে সময় কম দিচ্ছেন। নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন না। আগে চুক্তিবদ্ধ হওয়া প্রজেক্টগুলো শেষ করেছেন। মাহি নিজেই জানিয়েছেন, ধীরে ধীরে সিনেমার কাজ কমিয়ে দেবেন। সম্প্রতি গাজীপুরে স্বামীর সঙ্গে একটি রেস্টুরেন্ট চালু করেছেন এ নায়িকা। সেই ব্যবসায়ই মনোযোগ দিতে চান। কয়দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, রেস্তোরাঁ ব্যবসায় নামছেন তিনি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে জোরকদমে চলছে রেস্তোরাঁটির কাজ, যার নাম ‘ফারিশতা’। রমজানের প্রথম দিনে সেটার অনানুষ্ঠানিক যাত্রা হয়েছে। রোস্তোরাঁটি পুরোপুরি চালু না হলেও শুরু হয়েছে ইফতারি বিক্রি। গত সোমবার সেখানে উপস্থিত হয়ে ইফতারি বিক্রি তদারক করেন মাহি। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর পুরো টিম। তাদের গায়ে ছিল রেস্টুরেন্টের নাম লেখা টি-শার্ট। ফেসবুক লাইভে এসে মাহি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদরাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে। আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না।’
ফেসবুকে মাহির পোস্ট করা ভিডিও ও ছবিতে দেখা যায়, ইফতারির বিভিন্ন আইটেম হাতে দাঁড়িয়ে আছেন তিনি। এগুলো ক্রেতাদের দেখাচ্ছেন এবং নিজ হাতে খাসির পায়া ক্রেতার হাতে তুলে দিচ্ছেন। ক্যাপশনে লেখেন, ‘আজ আমাদের ফারিশতা ইফতারের দ্বিতীয় দিন এবং কথামতো আমি নিজ হাতে খাসির পায়াটা বিক্রি করেছি।’
সর্বশেষ মাহিকে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। গত বছর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।










