রাম আর রাবণ ভারতবর্ষের সংস্কৃতির অবিচ্ছেদ্য দুই চরিত্র। রামায়ণের নায়ক ও খলনায়ক এ দুই চরিত্র বহু বছর ধরে এ অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে আছে। রামায়ণ নিয়ে চলচ্চিত্র নির্মাণের চেষ্টাও করেছেন অনেক পরিচালক। তবে পুরো রামায়ণকে ফিচার ফিল্মের সময়সীমায় ধরাটা কঠিন।

এবার পরিচালক নিতেশ তিওয়ারি শুরু করেছেন রামায়ণ নির্মাণ। বড় পর্দার জন্য ট্রিলজি আকারে নির্মিত হবে এ ছবি। প্রযোজনা করবেন মধু মানতেনা। ট্রিলজির বাজেট শুনলে যে কেউ চমকে যাবেন। বড় পর্দায় তিন পর্বে রামায়ণ নির্মাণে বাজেট ধরা হয়েছে ৭৫০ কোটি রুপি! এটা প্রাথমিক হিসাব। নির্মাণ শুরু হওয়ার পর অংকটা বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

নিতেশ তিওয়ারির রামায়ণে রাম ও রাবণের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে রণবীর কাপুর ও হূতিক রোশনকে। এজন্য তারা প্রত্যেকে পাবেন ৭৫ কোটি রুপি। ৭৫০ কোটি রুপির বাজেটের বাকি অংশ খরচ হবে সিনেমা নির্মাণে। বলিউড হাঙ্গামা একটি সূত্রের বরাতে জানাচ্ছে, এমন ট্রিটমেন্ট বড় পর্দায় রামায়ণে আর কখনো দেখা যায়নি।

রাম ও রাবণ বাছাই হলেও সীতার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো নিশ্চিত হয়নি। এ নিয়ে অবশ্য কিছু গুজব রটেছে। শোনা যাচ্ছে সীতার জন্য কারিনা কাপুরকে প্রস্তাব দেয়া হয়েছিল, যদিও এমন কিছু মোটেই হয়নি; বরং কারিনাকে এ ছবির সীতা চরিত্রে মোটেই ভাবা হচ্ছে না।

এদিকে রামায়ণকে ভিত্তি করে নতুন ছবি আদিপুরুষে রাবণের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরের স্বামী সাইফ আলী খানকে। আদিপুরুষ পরিচালনা করেছেন ওম রাউত।

 

সূত্র: বলিউড হাঙ্গামা