বলিউড অভিনেতা ইমরান খান। এ সময় তার সম্পর্কে বলতে গিয়ে অনেকেই তাকে প্রাক্তন অভিনেতা বলে উল্লেখ করেন। কেননা বহুদিন অভিনয় থেকে দূরে তিনি। ২০১৫ সালে তার অভিনীত ‘‌কাট্টি বাট্টি’ ফ্লপ করার পরই তিনি অভিনয় থেকে সরে যাওয়ার কথা বলেন। এ আট বছর কোনো আলোচনায়ও ছিলেন না ইমরান। দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন এমন কথা শোনা যাচ্ছে। এসবের মধ্যেই তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টে নিজের কিছু কথা লিখলেন। ইমরান জানিয়েছেন, আত্মবিশ্বাসহীনতা কাটাতে পারছেন।

পোস্টটিতে একটি ছবি দিয়েছেন তিনি, পাশাপাশি পোস্ট শুরু করেছেন ‘‌ট্রিগার ওয়ার্নিং’ লিখে। এরপর লিখেছেন, ‘‌নীরবতার জন্য ক্ষমা চাইছি। আপনি যখন দীর্ঘ সময় অন্ধকারে কাটান, তারপর আলো খুব তীব্র বলে মনে হয়। কিছুদিন হলো আমি অনেক বার্তা পেয়েছি। সবই ভালোবাসায় ভরা। আমাকে অনুপ্রাণিত করতে লেখা। কিন্তু বিষয়টা আমার কাছে অদ্ভুত লেগেছে। আমি এতটা ইতিবাচকতা হজম করতে পারিনি। এসব বাদ দিয়ে আমি নেতিবাচক কথাগুলো খুঁজতে শুরু করি। কঠিন ও বেদনাদায়ক কথাগুলো দেখেই স্বাভাবিক মনে হয়। আমি খুঁজছিলাম কোন কথাগুলো আমাকে এফোঁড়-ওফোঁড় করে দিতে পারে।’

ইমরান খান তার অভিনয় জীবনে বেশকিছু সিনেমায় জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু আশানুরূপ ক্যারিয়ার তৈরি হয়নি তার। সে কারণেই ডিপ্রেশনে পড়ে যান। কিন্তু এখানেই শেষ নয়। বলিউড তার প্রতি সুবিচার করেনি। ইমরানকে শুরু থেকেই দেখা হয়েছিল আমির খানের ভাগ্নে হিসেবে। এ কারণে তার প্রতি তৈরি হয়েছিল উচ্চ প্রত্যাশা। পাশাপাশি নেপোটিজমের ভূত তার ক্যারিয়ারে চেপে বসেছিল। এরপর দীর্ঘদিন ইমরানের অগোচরে থাকা। আত্মবিশ্বাস এতটাই কমে গিয়েছিল যে কিছুতেই পরিস্থিতিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। এ নিয়ে ইমরান বলেন, ‘‌একটা হাস্যকর বিষয় ঘটেছিল। আমি স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করলাম অনেক কিছু। দেখা গেল, শব্দের সেই চোখা ভাবটা আর পাচ্ছি না। আগে তারা যেভাবে রক্তপাত ঘটাত, এখন আর তা হচ্ছে না।’

ভালোবাসার মধ্য দিয়ে ক্ষত সারে। কিছু পুরনো ক্ষত যদিও থেকে যায়। এ নিয়ে ইমরান বলেন, ‘‌আমাদের কিছু ক্ষত থেকে যায় যা ব্যথা দেয়। কিন্তু ভালোবাসা ক্ষত সারাতে পারে। কারো যদি সে সৌভাগ্য থাকে, তাহলে ক্ষত সারতে শুরু করে। ভালোবাসা একটা বর্ম হিসেবে কাজ করে। ক্ষত থেকে সে মানুষকে বাঁচায়। আপনারা হয়তো জানবেন না, আপনাদের ভালোবাসা আমাকে কতটা শক্তি দিচ্ছে। তবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিজেকে অনেক বড় মনে হচ্ছে আমার।’

ইমরান খান তার প্রস্থান, বিরতি ও ফিরে আসা নিয়ে কখনো কথা বলেননি। যখন বললেন, তখন এমনভাবেই বললেন যে কারো আর কিছু বলার থাকে না। তবু এই পোস্টের পর থেকে ইমরানের ভক্ত ও দর্শকরা তাকে সাধুবাদ জানাচ্ছে। অনুপ্রেরণা দিচ্ছে ফিরে আসার। 

ইমরান তার ক্যারিয়ার শুরু করেছিলেন ‘‌জানে তু... ইয়া জানে না’ দিয়ে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জেনেলিয়া ডি সুজা। ইমরানের শেষ সিনেমা ‘‌কাট্টি বাট্টি’। তবে এর আগে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন আমির খানের ‘‌কায়ামাত সে কায়ামাত তাক’ ও ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায়।

ছবি ও সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস