বাংলাদেশ মহিলা সমিতির (বেইলী রোড) ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হতে যাচ্ছে একক নাটক ‘৪.৪৮ মন্ত্রাস’-এর ১৪ দিনব্যাপী প্রদর্শনী। ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শনীর উদ্বোধনী মঞ্চায়ন। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে আজ বিকাল সাড়ে ৪টায় গণমাধ্যমকর্মীদের জন্য এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর ভিডিও, ছবি ধারণসহ পরিচালক ও কলাকুশলীদের সঙ্গে পরিচয় এ প্রদর্শনীর উদ্দেশ্য।
‘৪.৪৮ মন্ত্রাস’ সারাহ কেইনের ‘৪.৪৮ সাইকোসিস’ থেকে বাংলায় অনুবাদ করেছেন শাহমান মাইশান ও শরীফ সিরাজ। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ।
‘৪.৪৮ সাইকোসিস’
একটি অনন্য কাব্যশৈলী, যা নির্মিত হয়েছে রৈখিক আখ্যানকে প্রত্যাখ্যান করে এবং আলিঙ্গন করেছে উত্তর নাটকীয় কাঠামো, যাতে একীভূত হয়েছে দীর্ঘ একক কথন, চেতনার প্রবাহ, স্বগতোক্তি, দৈনন্দিন জীবনের কথোপকথন এবং দর্শকদের সরাসরি সম্বোধন করে বিবরণ। নাটকের বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু হলো এক তরুণ শিল্পীর মনস্তত্ত্বে বিষণ্নতার জন্ম, কারণ তিনি সমাজে ব্যাপকভাবে সহিংসতার সাক্ষী।
১৪ দিনব্যাপী নাটকটির প্রদর্শনীর সময়সূচি: ১৯ ডিসেম্বর বিকাল ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টা, ২০-২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা, ২৫ ও ২৬ ডিসেম্বর বিকাল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ২৭-৩০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে এবং ৩১ ডিসেম্বর বিকাল ৪টায় হবে এর সমাপনী মঞ্চায়ন।










