গত ভালোবাসা দিবসে প্রচারে আসে অপূর্ব-নীহা অভিনীত প্রথম নাটক ‘মন দুয়ারী’। নাটকটি এরই মধ্যে দুই কোটি ত্রিশ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছেন। ‘মন দুয়ারী’র রেশ কাটতে না কাটতেই আবারো একই জুটির নাটক ‘মেঘবালিকা’ ঈদ উপলক্ষে গত ছয়দিন আগে ইউটিউবে প্রকাশ হয়েছে। নাটকটি প্রকাশের পর পরই দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। এরই মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে নাটকটি। যে কারণে মেঘবালিকার পুরো টিম দারুণ উচ্ছ্বসিত। মেঘবালিকা নাটকে নাম ভূমিকায় নাজনীন নীহা অভিনয় করেছেন। তিনি এ নাটকে যথারীতি অপূর্বর বিপরীতে সাবলীল অভিনয় করেছেন। অপূর্বর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু না থাকলেও প্রতিনিয়ত তিনি নিজেকে ভাঙার চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরেই টিভি নাটকে রাজত্ব করে আসা এ অভিনেতা এখনো রোমান্টিক গল্পে যে অনবদ্য, তার প্রমাণ দিয়েছেন জাকারিয়া সৌখিন রচিত ও পরিচালিত মন দুয়ারী ও মেঘবালিকায়। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমি সবসময়ই দর্শকের প্রতি কৃতজ্ঞ। দর্শকের এ অকৃত্রিম ভালোবাসার প্রতি আমি সবসময়ই শ্রদ্ধাশীল। শুরু থেকে প্রতিটি কাজের জন্য দর্শকের কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি, তাতে আমি নিজেকে আরো নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছি। নিজের চরিত্র নিয়েও যথেষ্ট সময় নিয়ে ভেবে তারপর পরিচালকের সঙ্গে বসে কথা বলি। কারণ আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে আমাকে আরো ভালো কাজ দেয়ার সময় এখন। আগামী প্রজন্মের কাছে যেন তা দৃষ্টান্ত হয়ে থাকে। মন দুয়ারী কিংবা মেঘবালিকা তেমনই দৃষ্টান্ত হয়ে থাকার মতো কাজ।’ নাজনীন নীহা বলেন, ‘ইচ্ছে ছিল অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। সৌখিন ভাইয়ের নির্দেশনায় সে ইচ্ছে পূরণ হলো মন দুয়ারীতে। প্রথম কাজেই ভীষণ সাড়া পেলাম। মেঘবালিকায়ও ঠিক তাই। দর্শকের কাছ থেকে প্রতিনিয়ত যে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তাতে মুগ্ধ আমি।’
‘আগামী প্রজন্মের কাছে যেন দৃষ্টান্ত হয়ে থাকে’
গত ভালোবাসা দিবসে প্রচারে আসে অপূর্ব-নীহা অভিনীত প্রথম নাটক ‘মন দুয়ারী’। নাটকটি এরই মধ্যে দুই কোটি ত্রিশ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছেন।










