আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে গতকাল শুরু হয়েছে শিল্পী সৌরভ চৌধুরীর একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘‌এটারনাল এক্সিসটেনস বা শাশ্বত অস্তিত্ব’ শীর্ষক এ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন শিল্পী প্রফেসর রফিকুন নবী, বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়ম অড্রেন দ্য কেরড্রেল ও শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ।

এ নিয়ে সৌরভ চৌধুরী জানান, তিনি শৈশব থেকেই মানবসভ্যতা ও এর চিরন্তন অস্তিত্বের অন্বেষণ করে আসছেন। শৈশবের কোমল মনের ভাবনা তাকে বিভিন্ন রূপে নিজেকে কল্পনা করতে পরিচালিত করেছে। যেমন প্রাচীন বাঙালি লোকচরিত্র, হোক তা রাজসিক রাতজাগা প্যাঁচা, টেপা পুতুল, মাটির পুতুল, গাজির পট। তার এ ভাবনা আর শিল্পের মিশ্রণেই চলমান সিরিজ এটারনাল এক্সিসটেনস বা শাশ্বত অস্তিত্ব। এটি তার প্রাণবন্ত কল্পনা ও প্রাচীন প্রতীকবাদের অনুরণন। প্রদর্শনীটি নিয়ে সৌরভ চৌধুরী বলেন, ‘‌বিভিন্ন দেশ ভ্রমণ করেছি এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলো অন্বেষণ করে বাংলাদেশের লোকজ থিম ও চরিত্রগুলোর সঙ্গে প্রাচীন বিন্যাসগুলোকে একত্র করেছি। কাল্পনিক বৈশিষ্ট্যের মাধ্যমে মানব প্রকৃতিকে সুন্দর, আনন্দদায়ক ও পরিশীলিতভাবে উপস্থাপন করতে চাই।’ 

সৌরভ তার অভ্যন্তরীণ শৈল্পিক চিন্তাকে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার জন্য এচিং, ভাস্কর্য ও ইনস্টলেশনসহ একাধিক মাধ্যম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। এ প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর ৩০টি শিল্পকর্ম, যার বেশির ভাগই এচিং ও অ্যাকুয়াটিন্টের মিডিয়ায় রয়েছে। সেই সঙ্গে সিরামিক, ধাতু ও ফাইবার ভাস্কর্যও রয়েছে। প্রদর্শনীটি চলবে আগামী ১ আগস্ট ২০২৩ পর্যন্ত।