২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় জনপ্রিয় লেখক ইশতিয়াক আহমেদের উপন্যাস ‘সাদা প্রাইভেট’। বইটি সে সময় বেশ পাঠকপ্রিয়তা পায়। সেই সাদা প্রাইভেট অবলম্বনে এবার নির্মিত হলো টেলিফিল্ম। যেটি নির্মাণ করছেন আশিকুর রহমান। ওটিটি প্লাটফর্ম বঙ্গ বিডি গত বছর ঈদে ‘বেজড অন বুক’ প্রজেক্টের আওতায় সমকালীন সাহিত্য থেকে নাটক নির্মাণের প্রজেক্ট হাতে নেয়। সময়ের জনপ্রিয় লেখকদের উপন্যাস থেকে টেলিফিল্ম নির্মাণ করেন জনপ্রিয় নির্মাতারা। সে ধারাবাহিকতায় এবার নির্মিত হচ্ছে সাদা প্রাইভেট। সাদা প্রাইভেটে অভিনয় করছেন তারিক আনাম খান ও জিয়াউল হক পলাশ। অন্যান্য চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক, ফারহানা মিঠু, মৌসুমী হামিদ প্রমুখকে।

লেখক ইশতিয়াক আহমেদ জানান, অফিসে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হয়েছেন বজলুর রহমান। নিয়ম অনুযায়ী অফিস থেকে এখন তিনি পাবেন একটি ব্যক্তিগত গাড়ি। কিন্তু গাড়ি পেতে দেরি হতে থাকায় তর সইছে না বজলুল সাহেবের। তাই তিনি গাড়ি পাওয়ার আগেই নিয়োগ দিয়ে দিলেন সেলিম নামের একজন গাড়িচালককে। প্রতিদিন ড্রাইভার নিয়ে অফিসে যাচ্ছেন আর বাড়ি ফিরছেন। কিন্তু গাড়ির দেখা এখনো তিনি পাননি। আদৌ গাড়ি পাবেন কিনা, এ সংশয়ের মধ্য দিয়ে এগোতে থাকে গল্প। ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যায় সাদা প্রাইভেটের গল্প।

টেলিফিল্মে বজলুর রহমানের চরিত্রে থাকছেন তারিক আনাম খান। ড্রাইভার সেলিমের চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ। 

বইয়ের পাতা থেকে গল্পটি পর্দায় আসা নিয়ে লেখক ইশতিয়াক আহমেদ বলেন, ‘একজন লেখক হিসেবে বলতে পারি, বঙ্গর এই বব সিরিজের প্রজেক্ট খুবই সম্মানজনক। তারা লেখককে আলাদা করে মূল্যায়ন করে, তার বই থেকে নাটক বানানোর প্রজেক্ট করছে এবং এ বছর সেই প্রজেক্টে আমাকে যুক্ত করেছে, সেজন্য এর হেড অব কনটেন্ট মুশফিক ভাইকে বিশেষভাবে ধন্যবাদ না জানালেই নয়। ধন্যবাদের আরেকটা বড় কারণ, বইটি তিনি নিজে পড়ে যে রকম আগ্রহ দেখিয়েছেন, তা একজন লেখকের জন্য বিশেষ পাওয়া।’ এবারের ঈদে টেলিফিল্মটি প্রচারিত হবে ওটিটি প্লাটফর্ম বঙ্গর বব সিরিজে। এরই মধ্যে ঢাকার বেশকিছু লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণ হয়েছে।