নাট্যসংগঠন স্বপ্নদল বছরজুড়েই বিভিন্ন নাটকের আয়োজন করে থাকে। তাদের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনার একটি ত্রিংশ শতাব্দী। দেশের সীমানা ছাড়িয়ে নাটকটি আন্তর্জাতিক থিয়েটার অঙ্গনেও প্রশংসা পেয়েছে। নাট্যপ্রেমীদের জন্য নতুন খবর হলো আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে ত্রিংশ শতাব্দী মঞ্চায়নের আয়োজন করেছে স্বপ্নদল। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার নাটক ত্রিংশ শতাব্দীর রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ১৯৬৬ সালে নাটকটি রচনা করেছিলেন বাদল সরকার। যুদ্ধের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ নিয়েই এ নাটক।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি নিয়েই এর মূলকাহিনী। ত্রিংশ শতাব্দীর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত, তিউনিসিয়া, ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা এবং ধর্মের নামে সংখ্যালঘু নির্যাতন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অমানবিকতাসহ আরো নানা প্রসঙ্গ।
আজ নাটকের মঞ্চায়ন নিয়ে জাহিদ রিপন বলেন, ‘প্রযোজনাটির উপস্থাপনায় প্রয়োগ হয়েছে হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক ‘‘বাঙলা নাট্যরীতি’’। আজকের প্রযোজনাটির ১১৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
ত্রিংশ শতাব্দী প্রযোজনার গ্রন্থিকেরা হলেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, সামাদ ভূঞা, শিশির সিকদার, শাখাওয়াত শ্যামল, সোনালী রহমান, জেবুন নেসা, অর্ক অপু, হৃদয় ঘোষ রাজীব ও জাহিদ রিপন।










