বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দৃক পিকচার লাইব্রেরি আয়োজন করেছে ‘ট্রাঙ্ক কল’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রশিল্পী হাবিবুল হক প্রকৃতির মধ্য দিয়ে তার চিন্তাশীল পরিভ্রমণের গল্পটি তুলে ধরতে চেয়েছেন এ প্রদর্শনীতে। ৫ জুন সন্ধ্যা ৬টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। প্রদর্শনীর উদ্বোধন করা হয় শিল্পী অমল আকাশের বৃক্ষনিধন ও প্রকৃতিবিনাশী কার্যক্রমের প্রতিবাদী পারফরম্যান্স আর্ট পরিবেশনা ও বীথি ঘোষের গাওয়া ‘পাখিরা নিরুদ্দেশ, গাছেরা পুড়ে ছাই, শ্বাস নিতে সামান্য বাতাস কোথা পাই’ গানটি দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ ও প্রকৃতি নিয়ে আলোচনা করেন অধ্যাপক আনু মুহাম্মদ, রানী য়েন য়েন, সঞ্জীব দ্রং, রেজাউর রহমান ও দৃকের পক্ষে শহিদুল আলম।

প্রদর্শনীটির নাম ট্রাঙ্ক কল দেয়ার মাধ্যমে আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন আলোকচিত্রশিল্পী হামিদুল হক। মানুষের বিভিন্ন প্রয়োজন মেটাতে এখন আমরা অবলীলায় গাছ কেটে ফেলছি। প্রকৃতি ধ্বংস হয়ে গেলে মানুষের অস্তিত্বও বিপন্ন হয়ে যাবে— আলোকচিত্রশিল্পী হাবিবুল হক ট্রাঙ্ক কলের মাধ্যমে এ জরুরি বার্তা পাঠাতে চাইছেন মানুষকে।

আলোকচিত্রশিল্পী হাবিবুল হক তার ২৫ বছরের কর্মজীবনের অধিকাংশ সময় দেশের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি প্রকৃতি ও পরিবেশের বিভিন্ন ছবি তুলেছেন। এ প্রদর্শনীতে তার ৩৪টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি চলবে আগামীকাল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। পুড়িয়ে দেয়া জুম পাহাড়, উন্নয়ন ও নগর সম্প্রসারণের নামে বৃক্ষনিধনসহ বিভিন্ন প্রকৃতিবিনাশী ছবি রয়েছে এতে। প্রাচীন গাছের শিকড়ে আলো ছড়িয়ে পড়ছে কিংবা প্রাণহানি বৃক্ষে জেগে ওঠা নতুন সবুজ প্রাণ—এমন অদ্ভুত সুন্দর ছবি রয়েছে এ প্রদর্শনীতে। এছাড়া গাছের নান্দনিক রূপের দেখা মিলবে এখানে। কিছু গাছের কাণ্ড হুবহু মানুষের মুখের আকৃতির।