মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত প্রায় তিন বছর চলচ্চিত্র শিল্পে মন্দা চলছে। দেশে তো বটেই, বিশ্ববাজারেও ব্যবসা করতে পারেনি কোনো সিনেমা। কয়েক দফা সিনেমা হল বন্ধ ছিল। এ সময় মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা। তবে চলতি বছর হল খোলার পর গত ১১ ফেব্রুয়ারি দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পায়  দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত সিনেমাটি মুক্তির পর পেয়েছে দর্শকপ্রিয়তা। করোনায় সংকুচিত অর্থনীতির এ সময়েও সিনেমাটি ভালো ব্যবসা করছে। তৃতীয় সপ্তাহে এসেও হাউজফুল যাচ্ছে সিনেমা হলগুলো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিনেমাটির প্রশংসা করছেন অনেকেই। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর রংপুর শহরে অবস্থিত সিনেমা হল ‘শাপলা টকিজ’ খুলেছে এ সিনেমা দিয়ে। চালু হওয়ার প্রথম দিনের ম্যাটিনি ও ইভিনিং শো হাউজফুল হয়েছে বলে জানিয়েছেন বুকিং এজেন্ট কামাল হোসেন।

এ বিষয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘এটা আসলে মিরাকেলের মতো লাগছে। তৃতীয় সপ্তাহে এসেও দারুণ সাড়া পাচ্ছি। আমাদের সিনেমাটা প্রথম থেকেই দর্শক ভালোভাবে গ্রহণ করছে। গত তিন বছরে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর মতো এত সেল হয়নি। এটা আমার কথা নয়। বুকিং এজেন্টরাই বলছেন। এ সিনেমার সাফল্য আমাদের চলচ্চিত্রের জন্য সুবাতাস বয়ে নিয়ে এল। দর্শকদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গিয়েছি। তাদের এত ভালোবাসা পেয়ে ভীষণ ভালো লাগছে। আমাদের এ সিনেমা দিয়ে নতুন করে বন্ধ হয়ে যাওয়া হল চালু হয়েছে। এটা একটা পজিটিভ দিক।’

দর্শকদের সাড়া কেমন জানতে চাইলে বাপ্পি বলেন, ‘খুবই ভালো। সিনেমাটা দেখে তারা হাততালি, শিস দিচ্ছে। এমনকি সিনেপ্লেক্স থেকে বের হওয়ার সময়ও হাততালি দিয়ে বের হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আবার যে এলাকায় হল নেই তারা অন্য এলাকায় গিয়ে ছবিটা দেখছে।’

বুকিং এজেন্ট কামাল হোসেন বলেন, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ দিয়ে শাপলা টকিজ খুলেছে। দর্শকদের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। অধিকাংশই ছিল নারী দর্শক। ম্যাটিনি ও ইভিনিং শো হাউজফুল হয়েছে। সব মিলিয়ে সেলে আমরা খুবই খুশি। গত দুই বছরে এমন সেল আমরা পাইনি।’

সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘তৃতীয় সপ্তাহে এসে সিনেমাটি এমন দর্শক পাবে ভাবতে পারিনি। হলে এত দর্শক দেখে বুকটা ভরে গেছে। হল কর্তৃপক্ষও বলছে তাদের আনন্দের কথা।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির মাধ্যমে হাসি ফুটেছে হল মালিকদের মুখে। তৃতীয় সপ্তাহে এসেও ছবিটির হল বাড়ছে। বিভিন্ন হলে একটানা তৃতীয় সপ্তাহে ধরে চলছে সিনেমাটি। তারা ছবিটি নিয়ে বেশ আশান্বিত। সিনেমাটি আরো কয়েক সপ্তাহ চলবে বলেও তাদের বিশ্বাস।

ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে বাপ্পি-অপু ছাড়া আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটির পাওয়ার্ড বাই এসএমসি ফ্রুটি।

এ সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী বর্তমানে যন্ত্রণা নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়া কুস্তিগির ও জয় বাংলা নামের দুটি সিনেমার শুটিং চলছে।