প্রখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবি মোনালিসার মতো বাস্তবে একটি মেয়ের দেখা পায় এক প্রেমিক। বিষয়টা অবাক করা হলেও নির্মাতা কাজী সাইফ আহমেদের ‘মোনালিসা’
নাটকে এমনটাই ঘটতে দেখা যাবে।
আসন্ন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এ নাটকের গল্পে দেখা যাবে রতন মোনালিসার ছবি তার ভেতরে লালন করে এবং বাস্তবে সে মোনালিসার মতো এক মেয়ের দেখা পেয়ে যায়। রতন এতিমখানার এক অসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলার্সে কাজ করে। নদীপথে নৌকা পার হওয়ার সময় রতনের সঙ্গে মোনালিসার দেখা হয়। এভাবে ওদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। কিন্তু একটা সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। রতন কি শেষ পর্যন্ত আবারো দেখা পায় মেনোলিসার মতো দেখতে সে মেয়েটিকে? এ প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে নাটকটি।
‘মোনালিসা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। তার বিপরীতে রয়েছেন মনোজ প্রামাণিক। এছাড়া রয়েছে মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার, আনোয়ার প্রমুখ। মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। ভালোবাসা দিবসে একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।










