বলিউডের অভিনেতারা নানা রকম ব্যবসায় বিনিয়োগ করছেন। রিয়েল এস্টেট এর মধ্যে অন্যতম। তারা জমি কিনছেন, বাড়ি কিনছেন, অফিস স্পেস কিনছেন, আবার তা ভাড়া দিচ্ছেন বা বিক্রি করছেন। এ তালিকায় যুক্ত হলেন অজয় দেবগনও। সম্প্রতি তিনি নিজ মালিকানার একটি অফিস স্পেস ভাড়া দিয়েছেন। আন্ধেরি ওয়েস্টের এ অফিস স্পেস তিনি মাসিক ৫ লাখ ৪৭ হাজার রুপিতে ভাড়া দিয়েছেন। স্কয়ার ইয়ার্ডস মহারাষ্ট্র সরকারের প্রপার্টি রেজিস্ট্রেশন পোর্টাল থেকে এ তথ্য নিয়েছে।

তাদের দেয়া তথ্য থেকে জানা যায়, এ মাসেই অফিস স্পেস ভাড়া দিয়েছেন অজয়। এর জন্য স্ট্যাম্প ডিউটি লেগেছে ৮৫ হাজার ৫০০ রুপি ও রেজিস্ট্রেশনে খরচ হয়েছে ১ হাজার রুপি। অফিস স্পেসের আয়তন ২ হাজার ৫৪৫ বর্গফুট। ২০২৫ সালের মে মাস থেকে ২০৩০ সালের এপ্রিল পর্যন্ত সময়ের জন্য ভাড়া দেয়া এ সম্পত্তি থেকে অজয়ের আয় হবে ৩ কোটি ৩০ লাখ রুপি।

অজয় দেবগন একই দালানে তিনটি অফিস স্পেস নিয়েছিলেন ২০২৩ সালে। এতে তার খরচ হয়েছিল ৩০ কোটি ৩৫ লাখ রুপি। সে হিসাবে প্রতি ইউনিটে খরচ হয়েছিল ১০ কোটি রুপির বেশি। এ অফিসগুলো থেকেই একটি ভাড়া দিলেন অজয়। তিনি শুধু ব্যবসাই করছেন না, সিনেমায়ও ব্যস্ত আছেন। এর মধ্যে তার সাম্প্রতিক ‘রেইড টু’ আয় করেছে ১০০ কোটি রুপির বেশি। হাতে আছে আরো বেশকিছু সিনেমার কাজ।

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস