দর্শকের সঙ্গে বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে সাড়া জাগানো গান ‘নোঙ্গর তোল তোল’র নতুন সংস্করণ তৈরি করবে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। টেলিকম কোম্পানি রবির ‘বিজয়ের সুরে নতুন এক্সপেরিয়েন্স’
ক্যাম্পেইনের উদ্যোগে গানটির নতুন সংস্করণ তৈরি করছে ব্যান্ডটি।
বিখ্যাত এ দেশাত্মবোধক গানটির নতুন সংস্করণ তৈরি করছেন মিউজিক কম্পোজার এবং চিরকুট ব্যান্ডের সদস্য পাভেল আরিন। নঈম গওহর রচিত এবং সমর দাসের সুরে গাওয়া এ দেশাত্মবোধক গানটি ব্যান্ড চিরকুটের সঙ্গে নতুন করে পরিবেশন করবেন প্রখ্যাত সংগীতশিল্পী রফিকুল আলম।
খ্যাতিমান সংগীত শিল্পীদের সঙ্গে গানটি পরিবেশন করার সুযোগ পাবেন দেশের যেকোনো সংগীতানুরাগী। এজন্য সংগীতপ্রেমীদের ‘নোঙ্গর তোল তোল’
গানের কভার অথবা বাদ্য সংস্করণ তৈরি করতে হবে। এরপর তাদের ভিডিও/অডিওটি রবি ফেসবুক পেজে পাঠাতে হবে।
গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের সুরকার, গীতিকার ও প্রধান কণ্ঠশিল্পী সুমি বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে এ বিখ্যাত গানটির নতুন সংস্করণ তৈরি করার সুযোগে আমরা গর্বিত। আমরা চাই এ গানের মাধ্যমে সবার সঙ্গে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে। সবাই একত্রিতভাবে গানটি পরিবেশনায় জাতি হিসেবে আমাদের আরো এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।’
দেশের বহু সুপরিচিত সংগীতশিল্পীদের সঙ্গে এ গানে আরো অংশ নেবেন ব্যান্ড ক্রিপটিক ফেইটের লিড ভোকাল সাকিব চৌধুরী। নির্বাচিত কয়েকশ তরুণ সংগীত ও বাদ্য শিল্পীরাও গানটিতে অংশ নেয়ার সুযোগ পাবেন।
গানটির কভার অথবা বাদ্যসংগীত সংস্করণ জমা দেয়ার শেষ দিন ১০ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগ দিয়ে গানটির ভিডিও কনটেন্ট মুক্তি দেয়া হবে।










