কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিপদে আছে সিনেমা ও সংগীত ইন্ডাস্ট্রি। কেউ বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে গ্রহণ করা সময়ের দাবি। অন্য দল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শিল্পকে গ্রহণ করতে রাজি নয়। এ বিষয়ে নতুন পদক্ষেপ নিল গ্র্যামি। তারা জানাল, এআই দিয়ে তৈরি কোনো সংগীত বা গান পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে জানাচ্ছে, বেনামি এক শিল্পী ‘হার্ট অন মাই স্লিভ’ নামে একটি গান জমা দিয়েছে। এতে ড্রেক ও দ্য উইকএন্ডের কণ্ঠ নকল করা হয়েছে। গোস্টরাইটার নামে এ ব্যক্তির তৈরি করা গান থেকে সন্দেহ তৈরি হয়েছে যে এআই ব্যবহার করে সহজেই সত্যিকারের শিল্পীদের সরিয়ে দেয়া সম্ভব। গ্র্যামির প্রধান নির্বাহী হার্ভি ম্যাসন জুনিয়রও বলেছিলেন, গানটিকে বিবেচনায় রাখা যায়। কেননা গানটি মূলত মানুষেরই তৈরি। এতেই আগুনে ঘি পড়ে এবং সিদ্ধান্ত বাতিল করা হয়।
এর পরই তিনি বলেন, ‘কিছু ভুল ধারণা ভাঙা প্রয়োজন। গানটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির কারণে গ্র্যামি পুরস্কারের জন্য বিবেচিত হবে না। এমনকি এটি মানুষের দ্বারা তৈরি করা হলেও না।’ তিনি আরো বলেন যে গ্র্যামি মূলত শিল্পী ও গানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুরস্কৃত করতে চায়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে বিবেচনায় থাকবে না।
সূত্র: ইয়ন










