বিলাসবহুল জাহাজে এক পার্টিতে শনিবার রাতে কয়েকজন মিলে মাদক সেবন করেছেন, আর অভিযোগ উঠেছে সেই কয়েকজনের মধ্যে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও প্রযোজক গৌরীর পুত্র আরিয়ান খান। এ অভিযোগে গতকাল বিকালে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) গ্রেফতার করেছে আরিয়ানকে। সঙ্গে আছেন আরো দুজন— আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। পুত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হতেই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন শাহরুখ খান।

শনিবার রাতে আটকের পর থেকে মাদক গ্রহণ বিষয়ে ২৩ বছর বয়সী আরিয়ান খানসহ আরো সাতজনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। জব্দ করা হয়েছে আরিয়ানের সেলফোন এবং সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। ব্যুরোর অফিস থেকে আরিয়ান খানকে শারীরিক চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় জেজে হাসপাতালে। এ সময় পাপারাজ্জিরা ঘিরে ধরেন শাহরুখের পুত্রকে। 

গতকাল ভারতের গণমাধ্যমগুলোর অন্যতম আলোচিত খবর ছিল আরিয়ানের ঘটনাটি। গণমাধ্যমে বলা হয়, গত শনিবার রাতে মুম্বাই উপকূলে বিলাসবহুল ক্রুজ জাহাজে র্যাভ (নাচের পার্টি) পার্টিতে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্যরা বিশেষ যাত্রী হিসেবে অংশ নেন। তারা জাহাজের পার্টিতে অংশ নেয়া অনেক তরুণ-তরুণীকে মাদক সেবন করতে দেখেন। এরপর মাদক সেবনের অভিযোগে শাহরুখের পুত্রসহ সাতজনকে আটক করা হয়। তারা কোকেন, হাসিস ও এমডি নামের মাদক গ্রহণ করেছেন বলে অভিযোগ করে এনসিবি।   এর ভিত্তিতে ওই আটজনকে গ্রেফতারের প্রস্তুতি নেয় এনসিবি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারের আগে শাহরুখের ছেলেসহ অভিযুক্ত সাতজনকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়। এদিকে আরিয়ানকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেন এনসিবির আঞ্চলিক পরিচালক সামির ওয়াখেদ।

এনসিবিপ্রধান এসএন প্রধান গণমাধ্যমকে জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহের নজরদারির পরে তারা জাহাজে অভিযান চালান।

এদিকে বলিউডের সিনিয়র অভিনেতা সুনিল শেঠি আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরিয়ানকে ‘শিশু’ হিসেবে উল্লেখ করে বলেন, দোষ প্রমাণের আগেই সবাই তার সমালোচনা করছে। তিনি আরো বলেন, বলিউডসংশ্লিষ্ট কিছু হলেই গণমাধ্যম নিজের উপসংহার টেনে দেয়।

 

সূত্র: এনডিটিভি