বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর একটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)। কান চলচ্চিত্র উৎসবের পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এটি। এই উৎসবের ৪৯তম আসর বসছে ৫ সেপ্টেম্বর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে মেহজাবিন অভিনীত বাংলাদেশী সিনেমা  ‘সাবা’! কী আছে মেহজাবিন অভিনীত এই সিনেমায়?

ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। গত ফেব্রুয়ারিতে মেহজাবীনের জন্মদিন উপলক্ষে ‘সাবা’র পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ছবিটি সম্পর্কে প্রথমবারের মতো জানানো হয়।

চলচ্চিত্রটি নিয়ে টিআইএফএফ এর ওয়েবসাইটে একটি ফিচার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা মাকসুদ হোসেন সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা-মেয়ের সম্পর্ক দেখিয়েছেন।

বাবা নিখোঁজ হওয়ায়, সাবা তার অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। নানা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে প্রায়ই শিরিন তার মেয়ের প্রতি তিক্ততা এবং রাগ দেখান। তাই তারা একসঙ্গে থেকেও নিজস্ব আলাদা জগতে বাস করেন। শিরিনের হার্ট অ্যাটাক হলে মায়ের হার্ট সার্জারির জন্য সাবা তাদের বাড়ি বিক্রি করার চেষ্টা করেন, জিনিসপত্রের দাম কমিয়ে সঞ্চয়ের চেষ্টা করেন। এমনকি তার সিনিয়র সহকর্মী অঙ্কুরের সঙ্গে তার জমে উঠতে থাকা রোমান্সকেও ঝুঁকিতে ফেলেন।

সাবা চরিত্রটি দিয়ে মাকসুদ হোসেন নানা দুঃখজনক ঘটনাকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে সংগ্রাম করতে দেখিয়েছেন। একটি চরিত্রের দৈনন্দিন বাস্তবতার কথা ফুটে উঠেছে ‘আমরা এখানে কোনোমতে বেঁচে থাকার জন্য শ্বাস নিচ্ছি’— সংলাপের মধ্য দিয়ে। সাবার সামনে দুটি পথ থাকে। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে জীবন গড়া অথবা সকল কষ্ট পেছনে ফেলে অন্য দেশে চলে যাওয়া, আরেক পৃথিবীর খোঁজে।

মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী এবং মোস্তফা মনোয়ারের অসাধারণ অভিনয়, ডায়নামিক সিনেমাটোগ্রাফি এবং প্রাণবন্ত কালার প্যালেটে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কুর, সাবা এবং শিরিনের অন্ধকার দৃষ্টিভঙ্গির চিত্র। চরিত্রগুলো ভালো খাবার, তাজা বাতাস, গান এবং মাঝে মাঝে নিষিদ্ধ অ্যালকোহলে চুমুকের মতো ছোট ছোট বিষয়ে আনন্দ এবং বেঁচে থাকার কারণ খুঁজে পায়।

‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন গ্লোবাল মিডিয়া মেকার্সসহ বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সেই সঙ্গে ‘সাবা’সহ নিজের পরিচালিত আরো একটি সিনেমা নিয়ে ভারত ও বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশনে অংশ নিয়েছেন।