নিজেকে প্রমাণের আর তেমন কিছু নেই শাহরুখ খানের। তথাপি প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। পাঠান সিনেমার মাধ্যমে বক্স অফিসে সুদিন ফিরেছে। এবার আরেকটি সুখবর। ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। টাইম ম্যাগাজিনের জরিপে ২০২৩ সালের সেরা ১০০ আইকনের মধ্যে শাহরুখ খান অন্যতম। তালিকায় অন্যদের মধ্যে পেদ্রো প্যাসকাল, অ্যাঞ্জেলা ব্যাসেট, মাইকেল বি. জর্ডান, জেনিফার কুলিজ প্রমুখের নাম উল্লেখযোগ্য। শাহরুখ খানের এমন অর্জনে উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন। শাহরুখের উদ্দেশে একটি চিরকুট লিখেছেন তিনি। সেখানে তিনি শাহরুখকে ‘ফেনোমেনন’ হিসেবে অভিহিত করেছেন। 

চিরকুটে দীপিকা লিখেছেন, ‘শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা আমি কখনই ভুলব না। তখন আমি সবে ব্যাঙ্গালোর থেকে মুম্বাইতে এসেছিলাম। আমার সঙ্গে ছিল কেবল একটি স্যুটকেস আর ছিল একটি স্বপ্ন। এরপর আমি নিজেকে শাহরুখ খানের বাড়িতে বসে থাকা অবস্থায় আবিষ্কার করলাম! একটি সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য আমাকে ভাবা হচ্ছিল। তারপর ১৬ বছর কেটে গেছে। পরস্পরের প্রতি আমাদের ভালোবাসা, বিশ্বাস ও শ্রদ্ধা আছে। এগুলো আমাদের সম্পর্ককে বিশেষ করে তুলেছে। শাহরুখ খান সর্বকালের অন্যতম সেরা অভিনেতা হিসেবে সর্বদা পরিচিত হবেন। কিন্তু প্রকৃত অর্থে তার মানসিকতা, বীরত্ব, উদারতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার এসব গুণের তালিকা অনেক বড়।’

কয়েকটি শব্দে শাহরুখ খানের গুণের বর্ণনা দেয়া সম্ভব নয় বলে মনে করেন দীপিকা পাড়ুকোন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাকে অন্তরঙ্গভাবে চিনেন ও তাকে গভীরভাবে অনুভব করেন, এমন কারো পক্ষে মাত্র ১৫০ শব্দে শাহরুখ খানের মতো ফেনোমেননের প্রতি সুবিচার করা সম্ভব নয়।’

ওম শান্তি ওম সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে দীপিকা পাড়ুকোনের অভিষেক হয়েছিল। তারপর একে একে তারা চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার ও পাঠান সিনেমায় অভিনয় করেছেন।

শাহরুখ খান এখনো পাঠানের সাফল্য উদযাপন করছেন। গত জানুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটি সারা বিশ্বের বক্স অফিসের হিসাবে ১০০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে তিনি অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটির শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। আগামী জুনে এটি মুক্তি দেয়ার কথা আছে। রাজকুমার হিরানির ডাংকি সিনেমায়ও মুখ্য চরিত্রে থাকছেন শাহরুখ খান। ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা