দেশের প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৩তম জন্মদিন। তার জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ ও আগামীকাল আয়োজন করছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২২’। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২৬তম এ আসরের স্লোগান ‘বিশ্বজয়ে বাঙলা নাট্য আজ এগিয়ে যায়, ঐতিহ্য-রবীন্দ্রনাথ-সেলিম আল দীন ধারায়’। উৎসবে ঐতিহ্যের ধারায় রবীন্দ্রনাথ-সেলিম আল দীন উদ্ভাবিত আধুনিক ‘বাঙলা নাট্যরীত’-এ নির্মিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’
ও ‘ত্রিংশ শতাব্দী’
মঞ্চায়ন করা হবে। এছাড়া থাকছে স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা প্রভৃতি।
আজ সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজনা মনোড্রামা ‘হেলেন কেলার’। অপূর্ব কুমার কুণ্ডুর রচনা, জাহিদ রিপনের নির্দেশনায় এতে অভিনয় করেছেন জুয়েনা শবনম। নাট্যমঞ্চায়নের আগে নাট্যাচার্যকে নিয়ে প্রামাণ্যটিত্র ‘অপরিহার্য সেলিম আল দীন ও স্বপ্নদলের বন্ধুর অভিযাত্রা’
প্রদর্শিত হবে। এদিন সকাল ১০টায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ।
আগামীকাল সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে রয়েছে স্বপ্নদল প্রযোজনায় বাদল সরকারের মূল রচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর-নির্দেশনায় যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন।
অন্ধ ও বধির হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাসে সব নেতিবাচকতার বিপরীতে ঘুরে দাঁড়ানো বিশ্বের বিস্ময় মহীয়সী নারী হেলেন কেলারের জীবনীভিত্তিক প্রযোজনা ‘হেলেন কেলার’। এতে উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ। অন্যদিকে ‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-মিয়ানমার-গুলশানে বর্বর হামলা, সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা সংখ্যালঘু নির্যাতন বা শিক্ষক-লাঞ্ছনা প্রভৃতি প্রসঙ্গ।
‘হেলেন কেলার’ প্রযোজনাটি এরই মধ্যে ভারত, জাপান এবং ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি ‘ভারত রঙ্গ মহোৎসব’সহ জাপান ও ইংল্যান্ডে মঞ্চায়িত হয়েছে।










