আগামী শুক্রবার বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। সেদিন একটি বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। সিনেমায় অভিষেকের দিনে একই সঙ্গে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। তাও আবার একটা ঢাকায়, আরেকটা কলকাতায়। এর আগে দুই বাংলায় দুটি আলাদা সিনেমা মুক্তি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেনি আর কোনো শিল্পীর।
১৭ জুন বাংলাদেশের সিনেমা হলে আসছে অমানুষ, কলকাতার সিনেমা হলে আসছে আয় খুকু আয়। অমানুষ সিনেমায় তাকে দেখা যাবে নিরব হোসেনের সঙ্গে। আয় খুকু আয় সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে। বিষয়টি নিয়ে রোমাঞ্চিত মিথিলা। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার।
মিথিলা সিনেমায় নাম লেখান অমানুষ সিনেমার মধ্য দিয়ে। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। নিরব হোসেন ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ। অমানুষ সিনেমায় লুক দিয়ে দর্শকদের চমক দেখান নিরব। তার লুক নিয়ে তৈরি হওয়া রহস্যের জট খুলেছে ট্রেলারে। নিরবের চরিত্রের নাম ওসমান ডাকাত। সে জঙ্গলের ত্রাস। ২ মিনিট ৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় ডাকাত দল একটি বনকে অশান্ত করে তুলেছে। অনন্য মামুনের সিনেমায় মিশা সওদাগর, ডন এমনকি নিজেকে মফিজ ডাকাত হিসেবে পরিচয় দেয়া রাশেদ মামুন অপুকেও দুর্ধর্ষ রূপে দেখা গিয়েছে ট্রেলারে। এ ছবিতে নিরবের বিপরীতে জুটি হয়েছেন মিথিলা। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা।
অমানুষ নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা ভালো। মানে আলাদা বিষয় আছে। নিরবের লুকটা আলাদা, চোখে লাগার মতো। দর্শকরা সিনেমা হলে আমাদের দেখতে এলে খুশি হব।’
অন্যদিকে ১৭ জুন কলকাতায় মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত আয় খুকু আয়। যেখানে তার সহশিল্পী প্রসেনজিৎ চ্যাটার্জি। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। এ সিনেমার প্রকাশিত টাইটেল গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে দেখা দিয়েছেন মিথিলা। তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তার সঙ্গে আহ্লাদি খুনসুটি করছেন। প্রজেনজিতের ভক্তরা বলছেন, এ নায়কের স্ত্রী হিসেবে দারুণ মানিয়েছে মিথিলাকে। যেন বিখ্যাত সেই অমর সঙ্গী যুগ ফিরে এসেছে। সিনেমাটিতে মিথিলার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘ছোট চরিত্রে হলেও দর্শকের মনে গভীর ছাপ রেখে যাবেন তিনি।’
মিথিলার প্রশংসায় তিনি আরো বলেন, ‘তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী। ছোট চরিত্রে অভিনয় করে মিথিলা তা প্রমাণ করেছেন। আমি তার আগের কাজও দেখেছি। মিথিলা সত্যিই প্রতিভাময়ী।’
আয় খুকু আয় নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ।
টলিউডের নিয়মিত অভিনেত্রী হয়ে উঠছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। কয়েক দিন আগেই হইচইয়ে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ মন্টু পাইলট ২। সেখানে অভিনেত্রীর কাজ দারুণ প্রশংসা পাচ্ছে।
গত বছর লকডাউন কাটিয়ে তড়িঘড়ি করে মেয়েকে নিয়ে কলকাতা যান মিথিলা, স্বামী সৃজিত মুখার্জির কাছে। মিথিলার কলকাতা যাওয়ার খবরে অনেকেই ভেবেছিল ঘর-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু কলকাতা যাওয়ার পরই একের পর এক চমক দিচ্ছেন এ অভিনেত্রী। রাজর্ষি দের পরিচালনায় শেক্সপিয়রের অমর সৃষ্টি ম্যাকবেথের চরিত্র অবলম্বনে নির্মিত চলচ্চিত্র মায়াতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। সেই ছবি এখনো মুক্তি পায়নি। গত আগস্টে দিলেন আরেকটি সিনেমার খবর। দুই বাংলার আলোচিত নির্মাতা রিঙ্গোর আ রিভার ইন হ্যাভেন সিনেমায় নাম লেখান তিনি। ওই সিনেমায় অভিনয় করেছেন সন্তান না হওয়া এক স্ত্রীর চরিত্রে। পশ্চিমবঙ্গে অভিনীত তৃতীয় চলচ্চিত্র হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হতে যাচ্ছে আয় খুকু আয়।
এখন দেখা যাক দুই বাংলার দুই সিনেমার কোনটিতে নিজের অভিষেকটাকে বেশি রাঙাতে পারেন মিথিলা। তিনি অবশ্য আশাবাদী দুই বাংলার দর্শকই তার অভিনয় দেখে পছন্দ করবেন, ভালোবাসা দেবেন।










