দেশের ওটিটি মাধ্যমগুলোয়ও নতুন কনটেন্ট নিয়ে তোড়জোড় চলছে। মুক্তি পেতে যাচ্ছে একাধিক ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম। এ ঈদে ওটিটিতে আসছেন মম ও সাবিলা নূর। ওয়েব সিরিজের নাম ‘মারকিউলিস’। এটি ওটিটি প্লাটফর্ম চরকিতে আসছে। এরই মধ্যে ট্রেলারও প্রকাশ হয়েছে। ওয়েব দর্শকদের প্রশংসা পাচ্ছে সিরিজের টিজারটি। আবু শাহেদ ইমনের পরিচালনায় আট পর্বের সাসপেন্স-মিস্ট্রি জনরার এ সিরিজে অভিনয় করেছেন একদল অভিনেতা। এ ঈদে অর্থাৎ চাঁদ রাতেই চরকিতে মুক্তি পাবে মারকিউলিস। সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরো অনেকেই আছেন এ সিরিজে।

‘একজনের সঙ্গে জাস্টিস করতে গিয়ে আমি তোমার সঙ্গে ইনজাস্টিস করে ফেলেছি’—এমন একটি সংলাপ দিয়ে শুরু হয়েছে চরকি অরিজিনাল সিরিজ মারকিউলিসের ট্রেলার। ভিন্নধর্মী গেটআপের জন্য প্রশংসা পাচ্ছে সিরিজের অভিনেতা। বাড়তি চমক হিসেবে ছিলেন মনপুরা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। দুই মিনিটের ট্রেলার দেখে বোঝা যায়, একজনের হাতে খুন হয়েছে জয়িতার প্রেমিক। হত্যার রহস্য উন্মোচন করতে গিয়ে গোলকধাঁধায় আটকে যায় জয়িতা। সে গোলকধাঁধা থেকে বের হয়ে রহস্য সমাধানের গল্প নিয়ে আসছে সিরিজটি। 

অন্যদিকে এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা ইউনিক ছিল জানিয়ে তিনি বলেন, ‘এ সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে, সেটিই এর মূল আলাপ।’ 

ওয়েব সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সাবিলা বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি, তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এ কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে।৷এ সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ইমন ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসহ সবকিছু দারুণ ছিল।’

চরকিতে প্রথম কাজ করছেন জাকিয়া বারী মম ও রওনক হাসান। আসন্ন সিরিজটিতে নিজের চরিত্র নিয়ে মম বলেন, ‘মারকিউলিস একটা সিস্টেমের কথা বলে। একটা রাষ্ট্রযন্ত্রের কথা বলে। সিরিজের চরিত্রগুলোর নানা ডাইমেনশন আছে। আমার চরিত্র খুবই ইন্টারেস্টিং ছিল। কাজটাও বেশ ভিন্ন রকমের হয়েছে। শাহেদ ভাইয়ের সঙ্গে প্রথম কাজ, সব মিলিয়ে দারুণ সময় ছিল।’

বর্তমানে বড় পর্দা ও ছোট পর্দায় নিয়মিত দেখা মিলেছে রওনক হাসানের। ওটিটি মাধ্যমেও পরিচিত মুখ তিনি। মারকিউলিস নিয়ে বলেন, ‘এখনকার সময়ের কনটেন্টগুলো অধিকাংশ ক্রাইম, থ্রিলার ও অ্যাকশননির্ভর। কিন্তু মারকিউলিস ব্যতিক্রম। আমরা একটা ভালো কাজ করার চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবেন।’ 

দর্শক এর আগে চরকিতে গিয়াস উদ্দিন সেলিমকে পরিচালক হিসেবে পেয়েছে। এবার তিনি আসছেন অভিনেতা হয়ে। পরিচালক আবু শাহেদ ইমন বলেন, ‘মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এর অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এ গল্পের ধরন মৌলিক। এ সিরিজে অনেকে অভিনয় করেছেন। সবার মিশেলে বেশ বড় আয়োজনে কাজটা হয়েছে।’

সিরিজের গল্প কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এটি একটি মেয়ের গল্প। তার প্রেমিক একজনের হাতে খুন হন। ড্রামা থ্রিলার জনরার হলেও এতে সামাজিক অনেক ঘটনা রয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে খুব সাধারণ দর্শকরাও এটা উপভোগ করতে পারে।’

মারকিউলিসের চিত্রনাট্য লিখেছেন আবু শাহেদ ইমন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ। দক্ষতার সঙ্গে সম্পাদনার কাজটি করেছেন সামির আহমেদ। সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও মিউজিক করেছেন ইমন চৌধুরী।