‘চাঁদনী’ সিনেমায় নাঈম-শাবনাজ জুটির অভিষেক ঘটান চলচ্চিত্র পরিচালক এহতেশাম। ১৯৯১ সালের ৪ অক্টোবর চাঁদনী সিনেমাটি মুক্তি পায়। একই তারিখে প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত আলমগীর রোজিনা অভিনীত ‘লাল বেনারসী’ সিনেমাটিও মুক্তি পায়। চাঁদনী সিনেমায় নাঈম-শাবনাজের অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এ সিনেমার পরেও নাঈম-শাবনাজ আরো কিছু সিনেমায় অভিনয় করে জুটি হিসেবে দারুণ সফলতা পান। এবার এ জুটিকে দেখা যাবে চ্যানেল টোয়েন্টি ফোরের ঈদের বিশেষ আয়োজন ‘যে কথা হয়নি বলা’ নামে একটি বিশেষ আয়োজনে।
বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেলটির এন্টারটেইনমেন্ট বিভাগের প্রধান নাজমুল আলম রানা। নিজের চ্যানেলে নাঈম-শাবনাজ জুটিকে নিয়ে একটি বিশেষ পর্ব তৈরি করতে পারায় রানাসহ বিনোনের পুরো টিম উচ্ছ্বসিত। কারণ এ আয়োজনে অন্য আরো যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে দর্শকের সবচেয়ে বেশি উচ্ছ্বাস ঘিরে আছে নাঈম-শাবনাজ জুটিকে নিয়ে। নাঈম বলেন, ‘চ্যানেল টোয়েন্টি ফোরের আয়োজনে রানার নিমন্ত্রণে জেবিনের উপস্থাপনায় যে কথা হয়নি বলা অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুবই ভালো লেগেছে। মনের অনেক অজানা কথা শেয়ার করেছি। পর্বটি প্রচারের অপেক্ষায় আছি আমি।’ শাবনাজ বলেন, ‘বেশ গোছানো একটি আয়োজন ছিল যে কথা হয়নি বলা। আমরা সাধারণত একসঙ্গে টিভি শোয়ে যাই না। কিন্তু রানা, ইমু, জেবিন, তামিমের পরম আন্তরিকতায় এতটাই মুগ্ধ হয়েছি যে অনুষ্ঠান শেষে মনে হলো, তাদের আহ্বানে সাড়া দিয়ে খুব সুন্দর সময় কাটিয়ে গেলাম আমি আর নাঈম।’ রানা জানান, আগামী ঈদেই চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচার হবে নাঈম-শাবনাজের পর্বটি।
উল্লেখ্য, ১৯৯৪ পর্যন্ত এ জুটির ‘চাদনী’, ‘সোনিয়া’, ‘দিল’, ‘বিষের বাঁশি’ সিনেমাগুলো বেশ জনপ্রিয়তা পায়।










